শিরোপা স্বপ্নে জোর ধাক্কায় ক্ষুব্ধ-বিরক্ত আর্সেনাল কোচ
ইংল্যান্ডের সাবেক দুই ফুটবলার গ্রেট অ্যালান শিয়েরার ও ড্যানি মার্ফির মতে, এবারের লিগ শিরোপা লড়াই শেষই হয়ে গেছে।
দারুণভাবে এগিয়ে চলার মাঝে দল যে হঠাৎ এভাবে পথ হারিয়ে ফেলবে, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হেরে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি মিকেল আর্তেতা। শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমানোর মঞ্চে নেমে ওডেগোর-ট্রোসার্ডদের এমন ধারহীন ফুটবল দেখে যারপরনাই বিরক্ত আর্সেনাল কোচ।
দুদিন আগে লিভারপুল পয়েন্ট হারানোয় আর্সেনালের সুযোগ আসে ব্যবধান কমানোর এবং শিরোপা লড়াইয়ে আর্না স্লটের দলের ওপর চাপ ধরে রাখার। প্রতিপক্ষও ছিল তুলনামূলক বেশ দুর্বল, পয়েন্ট টেবিলের নিচের দিকের দল।
লড়াইটাও ঘরের মাঠে দর্শকভর্তি গ্যালারির সামনে। কিন্তু এই ওয়েস্ট হ্যামের বিপক্ষেই দিক হারিয়ে ফেলে আর্সেনাল। শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আক্রমণের চেষ্টা ঠিকই করে যায় তারা; কিন্তু প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলার মতো খুব বেশি কিছু করতে পারেনি দলটি।
বিরতির আগে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন জ্যারড বোয়েন। ম্যাচে ফেরার জন্য পুরো একটা অর্ধ সময় পায় আর্সেনাল। কিন্তু ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় বল নিজেদের কাছে রেখে, গোলের জন্য ২০টি শট নিয়েও কাজের কাজ কিছু করতে পারেনি তারা। তাদের মাত্র দুটি শট লক্ষ্যে ছিল।
৭৩তম মিনিটে মিডফিল্ডার মাইলস লুইস-স্কেলি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। ঘুরে দাঁড়ানোর পথ তাতে আরও কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাও জাগাতে পারেনি তারা।
দলের এমন বর্ণহীন পারফরম্যান্সের পর ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় হতাশা লুকানোর চেষ্টাই করলেন না আর্তেতা।
“আমাদের হাতে যা কিছু আছে, সেই পারফরম্যান্স ও ম্যাচের ফল নিয়ে আমি সত্যি, সত্যিই খুব বিরক্ত। প্রিমিয়ার লিগ জয়ের সুযোগ কাজে লাগাতে আমাদের যে মানের ফুটবল খেলা দরকার, সেটার ধারেকাছেও ছিলাম না আমরা। আমিই বেশি দায়ী। তাই আমি খুব, খুব ক্ষুব্ধ।”
লিগে ১৫ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আর্সেনাল। চলতি মৌসুমে ঘরের মাঠে যা তাদের প্রথম। এই পরাজয় বাস্তবিক অর্থেই গত দুইবারের রানার্সআপ আর্সেনালের শিরোপা স্বপ্নে বড় এক ধাক্কা।
২৬ ম্যাচে ১৫ জয় ও ৮ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল। রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে পারলে ১১ পয়েন্টে এগিয়ে যাবে ‘অল রেড’ নামে পরিচিত স্লটের দল।
ম্যাচের পর বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগোরের কণ্ঠেও প্রতিধ্বনিত হলো কোচের হতাশা। আক্রমণে তাদের কার্যকারিতার অভাব ছিল, স্বীকার করে নিলেন অধিনায়ক।
“এটা বড় এক ধাক্কা। দলের আজকের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না। ম্যাচটি আমাদের পুনরায় দেখতে হবে এবং পর্যালোচনা করতে হবে; তবে এটা যথেষ্ট ভালো ছিল না।”
ম্যাচের পর বিবিসির ‘ম্যাচ অব দা ডে’-তে ইংল্যান্ডের সাবেক দুই ফুটবলার অ্যালান শিয়েরার ও ড্যানি মার্ফি কোনোরকম সংশয় না রেখেই বলেন, লিগ শিরোপা লড়াই শেষ। তাদের মতে, লিভারপুল যে ব্যবধানে এগিয়ে আছে সেটা ঘোচানো সম্ভব নয়।
মার্ফি আরও বলেন, “আর্সেনাল তাদের বাকি সব ম্যাচ জিতবে, এমন সম্ভাবনা আমি দেখি না। তাই লিভারপুল ছোটখাটো হোঁচট খেলেও সমস্যা নেই। তারা এমনকি যখন খারাপ খেলে, তখনও পয়েন্ট আদায় করে নেয়।”
