ঢাকা ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়রের সেমি-ফাইনাল থেকে বিদায় জারিফের
রাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০-এর বাছাইয়ের ছন্দ ঢাকায় ধরে রাখতে পারলেন না বাংলাদেশের এই খেলোয়াড়।
রাজশাহীতে থাইল্যান্ডের প্রতিযোগীকে হারিয়ে বালক বিভাগে সেরা হওয়া জারিফ আবরার ঢাকায় এসে পারলেন না ছন্দ ধরে রাখতে। বিদায় নিলেন ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ (ঢাকা) বিভাগের সেমি-ফাইনাল থেকে।
বালক বিভাগের ফাইনালে ওঠার ম্যাচে থাইল্যান্ডের আরিয়াফল লিকুলের বিপক্ষে তেমন লড়াইও জমাতে পারেননি জারিফ। সরাসরি সেটে হেরেছেন তিনি। সাদামাটা খেলে প্রথম সেট ৬-১ গেমে হারের পর দ্বিতীয় সেটে তিনি হার মানেন ৬-৪ গেমে।
রাজশাহীতে হওয়া ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় বালক এককে থাইল্যান্ডের নাপাত পাত্তানালারথানকে ৭-৬(৩), ৬-৪ গেমে হারিয়ে সেরা হয়েছিলেন জারিফ।
বালক দ্বৈত ও বালিকা দ্বৈতের ফাইনালও হয়েছে বৃহস্পতিবার। চীনের জুটিকে ২-০ সেটে হারিয়ে বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের শৌনক চ্যাটার্জি ও অমৃত ধনকাড় জুটি।
বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে মালদ্বীপের আরা আসাল আজিম ও ভারতের সানমিথা হারিনি জুটি। ১-১ সেটের সমতার পর জমজমাট এই ফাইনালে তারা টাইব্রেকারে ১০-৪ গেমে হারান চীনের জুটিকে।
