‘সবচেয়ে বাজে ৪৮ ঘন্টা’ পেরিয়ে চেলসি কোচের স্বস্তি
কঠিন সময়ে দলকে ‘সমর্থন না করা’ লোকেদের তোপ দাগলেন এন্টসো মারেস্কা।
এভারটনের বিপক্ষে জয়ের আগের প্রস্তুতির সময়টাকে চেলসির দায়িত্ব নেওয়ার পর থেকে তার ‘সবচেয়ে বাজে ৪৮ ঘন্টা’ বলে উল্লেখ করেছেন এন্টসো মারেস্কা। কঠিন সময়ে দলকে ‘সমর্থন না করা’ লোকেদের একহাত নিয়েছেন এই ইতালিয়ান কোচ।
স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে কোল পামার ও মালো গুস্তোর গোলে এভারটনকে ২-০ ব্যবধানে হারায় চেলসি।
প্রিমিয়ার লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য থাকার পর এলো চেলসির এই জয়। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার মাঠে ২-১ গোলে হেরেছিল তারা।
এভারটনের বিপক্ষে জয়ের পর দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে ক্লাবে আগের দুই দিনের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন মারেস্কা।
“খেলোয়াড়রা যেভাবে শিখতে চায়, তা দারুণ, আর এই কারণেই তাদের প্রশংসা করি আমি। কারণ এত সমস্যার পরও, কঠিন সপ্তাহের পরও, তারা খুব ভালো করছে।”
“আমি ক্লাবে যোগ দেওয়ার পর থেকে, গত ৪৮ ঘন্টা ছিল সবচেয়ে বাজে, কারণ অনেকেই আমাদের সমর্থন করেনি।”
তিনি কী বোঝাতে চেয়েছেন, জানতে চাইলে লেস্টার সিটির সাবেক কোচ বলেন, “ক্লাবে যোগ দেওয়ার পর থেকে সবচেয়ে বাজে ৪৮ ঘন্টা, কারণ লোকেরা আমাকে ও দলকে সমর্থন করেনি।”
চেলসির অভ্যন্তরীণ লোকেদের কথা বলছেন কি-না, এমন প্রশ্নেও পরিষ্কার করে উত্তর দেননি মারেস্কা, “সামগ্রিকভাবে, সামগ্রিকভাবে।”
গণমাধ্যম অথবা ভক্তদের উদ্দেশ্য করে বলছেন কি-না, জানতে চাইলে একটু স্পষ্ট করেন চেলসি কোচ, “আমি ভক্তদের ভালোবাসি এবং ভক্তদের নিয়ে আমরা খুব খুশি।”
