অস্ট্রিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলবে রেয়াল মাদ্রিদ
লা লিগা অভিযান শুরুর আগে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অস্ট্রিয়ান ক্লাবের মুখোমুখি হবে শাবি আলোন্সোর দল।
নিজেদের পরিকল্পনায় পরিবর্তন এনেছে রেয়াল মাদ্রিদ। লা লিগা অভিযান শুরুর আগে অস্ট্রিয়ায় প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলবে ইউরোপের সফলতম দলটি।
লা লিগার দলটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, আগামী ১২ অগাস্ট ইন্সব্রুকে অস্ট্রিয়ান বুন্ডেসলিগার দল ডব্লিউএসজি টিগোলের মুখোমুখি হবে তারা।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার কারণে এবার প্রাক-মৌসুম পরিকল্পনা সীমিত করেছিল রেয়াল। প্রতিযোগিতাটিতে তারা নিজেদের শেষ ম্যাচ খেলে গত ৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হারে তারা।
আইনত খেলোয়াড়দের তিন সপ্তাহ বিশ্রামের অধিকার রয়েছে। নতুন মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৯ অগাস্ট সান্তিয়াগো বের্নাবেউয়ে ওসাসুনার বিপক্ষে খেলবে রেয়াল।
ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ায় বিশ্রাম ও প্রস্তুতির জন্য যথেষ্ট সময় মেলেনি-এই কারণ দেখিয়ে রেয়াল ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করলেও বৃহস্পতিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিচারক তা প্রত্যাখ্যান করেন।
গত মৌসুম শিরোপাহীন কাটে রেয়ালের। লা লিগা শেষের পর দলটির দায়িত্ব ছাড়েন কার্লো আনচেলত্তি। নতুন কোচ শাবি আলোন্সোর কোচিংয়ে ক্লাব বিশ্বকাপে খেলে তারা।
