২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার চিকিৎসকের মৃত্যু, ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত

পরে নতুন সূচিতে হবে বার্সেলোনা ও ওসাসুনার লা লিগার ম্যাচটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 02:14 AM

Updated : 26 Aug 2026, 11:59 AM

বার্সেলোনার প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। তাই ওসাসুনার বিপক্ষে তাদের লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। দুই দলই তাদের একাদশ ঘোষণা করে এবং খেলোয়াড়রা ওয়ার্ম-আপ শুরু করে দেন। খেলা শুরুর নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগে স্টেডিয়ামের স্পিকারে ম্যাচ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। 

এক বিবৃতিতে চিকিৎসক গার্সিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বার্সেলোনা।

“আজ (শনিবার) সন্ধ্যায় প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে বার্সেলোনা গভীরভাবে শোকাহত। এই কারণে বার্সেলোনা ও ওসাসুনার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি বার্সেলোনার পরিচালনা পর্ষদ ও ক্লাবের স্টাফরা আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”

লা লিগার টুর্নামেন্ট কমিটি পরবর্তীতে ম্যাচটির জন্য নতুন তারিখ নির্ধারণ করবে।

২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে, ৫৪ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ তিনে আছে।