ভারত ম্যাচের আগে দলে অন্তঃকোন্দলের অভিযোগ বাংলাদেশ কোচের
সিনিয়র খেলোয়াড়দের বিরুদ্ধে দলীয় ঐক্যে ভাঙন ধরানোর গুরুতর অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার।
দলের ভেতরের উত্তপ্ত পরিস্থিতি বাইরে আসে মনিকা চাকমার কথার সুর ধরে। পাকিস্তান ম্যাচের হতাশাজনক ড্রয়ের প্রসঙ্গ টেনে এই মিডফিল্ডার ‘দাবি’ তোলেন ভারতের বিপক্ষে সিনিয়র খেলোয়াড়দের খেলানোর। তার দাবি মেনে নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। অনুশীলনে যে সেরা একাদশের ইঙ্গিত মিলেছে, সেখানে সবাই গতবার সাফ জয়ী দলের। পরে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে আলাপচারিতায় বোমা ফাটালেন এই ইংলিশ কোচ। সিনিয়র খেলোয়াড়দের বিরুদ্ধে দলীয় ঐক্য বিনষ্ট, স্বার্থপরের মতো দলে ভাঙন তৈরির অভিযোগ করলেন তিনি!
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৬টায়। কিন্তু এ মুহূর্তে দলের আবহ এককথায় এমন যে, সিনিয়র খেলোয়াড় আর কোচ মুখোমুখি অবস্থানে!
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সেরা একাদশে ছিলেন না গতবারের সাফ জয়ী ডিফেন্ডার মাসুরা পারভীন, মিডফিল্ডার মারিয়া মান্দা, ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। ডিফেন্ডার আফিদা খাতুন ও কোহাতি কিসকু এবং মিডফিল্ডার স্বপ্না রানীকে খেলান বাটলার। ম্যাচজুড়ে দল ভালো খেললেও ফিনিশিংয়ের ব্যর্থতায় ১-১ ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে মেয়েরা।
সেই হতাশা ক্ষোভের সুরে প্রকাশ করেন মনিকা। পাকিস্তানের বিপক্ষে সিনিয়ররা খেললে ম্যাচের ফল অন্যরকম হতে পারত, এমন কথাও বলেন এই মিডফিল্ডার। মাঝমাঠে মারিয়ার জায়গায় খেলা স্বপ্নার সাথে তার ‘ঠিকঠাক জমেনি’, বলেন এমনটিও।
কাঠমান্ডুর আর্মি হেড কোয়ার্টার্স মাঠে মঙ্গলবারের অনুশীলনে সেরা একাদশের যে ইঙ্গিত দিয়েছেন কোচ, সেখানে ফুটে ওঠে মনিকার কথার প্রতিফলন। শিউলি আজিম, মাসুরা পারভীন, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী সরকার, সাবিনা খাতুন, নিলুফা ইয়াসমিন নীলা, মারিয়া, ঋতুপর্ণা ও রূপনা চাকমাকে এক দলে রেখে ম্যাচ খেলান কোচ।
অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে আসেন কোহাতি কিসকু ও মুনকি আক্তার। দলে এই দুই নতুনের কথায় আরও পরিষ্কার হয়ে যায়, ভারত ম্যাচে সিনিয়রদের সুযোগ দেবেন বাটলার।
সিনিয়রদের প্রশংসায় ভাসিয়ে মিডফিল্ডার মুনকি বলেন, “মারিয়া আপু (পাকিস্তান ম্যাচে) মাঠে ছিল না, মারিয়া আপু নামতে পারে, মাসুরা আপু ছিল না, নামতে পারে, আজকের অনুশীলনে সেটা বোঝা গেল। উনারা অনেক দিন ধরে খেলছে, উনাদের অভিজ্ঞতা একটা আলাদা রকম, আমরা নতুন তো, আমাদের হুট করে নামিয়ে দিলে আমরা খেলতে পারব না। হয়ত খেলব, কিন্তু উনাদের মতো সিদ্ধান্ত আমরা নিতে পারব না।”
ডিফেন্ডার কোহাতিও সুর মেলান মুনকির কণ্ঠে, “ভারতের বিপক্ষে তো আপুরা খেলবে, আমরা যদি সুযোগ পাই, আমরা সবাই সবার সর্বোচ্চটা দিয়েই খেলব।”
ভারত ম্যাচের ভাবনা নিয়ে মুঠোবার্তা দেওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কাছে ক্ষোভ, হতাশা, অভিযোগের ডালি মেলে ধরেন বাটলার। প্রতিটি কথায় ক্ষোভ, উষ্মা প্রকাশ করে তিনি কাঠগড়ায় তোলেন দলের সিনিয়রদের।
“দুঃখিত, ভারতের অভিজ্ঞ আক্রমণভাগের বিপক্ষে আমাদের পরিকল্পনা বলতে পারব না-আমি যা এখন বলতে পারি, তা হচ্ছে, সিনিয়র খেলোয়াড়রা খেলার এবং চাপের ম্যাচে পারফর্ম করার সুযোগ পাবে। আমি তাদের এই সুযোগটা দেব, এখন দেখা যাক, তারা চাপ সামাল দিতে পারে কিনা।”
“প্রত্যাশা অনুযায়ী আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আগামীকাল ভিডিওগুলো বিশ্লেষণ করব এবং মধ্যাহ্নভোজের আগে ভারত ম্যাচের পরিকল্পনা মেয়েদের বুঝিয়ে দেব। আমি সিনিয়র ১১ জনকে আগামীকাল সুযোগ দেব। দেখা যাক, তারা টিকটকে যেমন ভালো পারফর্ম করে, সেটা ম্যাচে করতে পারে কিনা।”
দলের মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য সিনিয়ররা দায়ী বলেও অভিযোগ করলেন বাটলার। সামাজিক যোগাযোগের মাধ্যমে সিনিয়র খেলোয়াড়দের পোস্টগুলো নজর এড়ায়নি এই ইংলিশ কোচের।
“ভয়ঙ্কর রাজনীতি চলছে দলের মধ্যে। তরুণদের মধ্যে ভীতি ছড়াচ্ছে সিনিয়ররা এবং তারা দলের ঐক্য ধ্বংস করে দিচ্ছে। এটা ভীষণ দুঃখজনক। আমি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরির জন্য কঠোর পরিশ্রম করেছি, কিন্তু অনলাইনে তারা অর্থহীন, যা-তা পোস্ট করে। পাকিস্তানের বিপক্ষে তহুরা, স্বপ্না রানী, আফিদা, কোহাতি চমৎকার পারফর্ম করেছিল। এই সিনিয়রদের অভ্যন্তরীণ রাজনীতি, স্বার্থপরতা ক্যাম্প ধ্বংস করে দিচ্ছে।”
“আমরা ইতিবাচক থাকব এবং ভারতকে যে জায়গায় পারি আক্রমণ করার চেষ্টা করব এবং যখন বল হারাব, তখন দ্রুত কিভাবে রক্ষণ সামলাতে পারি, সে চেষ্টা করব। আমাদের কথা বলা উচিত ছিল, আমরা (পাকিস্তানের বিপক্ষে) কত ভালো খেলেছি, এগুলো নিয়ে; কিন্তু মনে হচ্ছে, মনিকার হাস্যকর মন্তব্য নিয়ে সবাই বেশি আগ্রহী যে, আমি সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করি না। তাই আমি আগামীকাল সেরা একাদশে সিনিয়র ১১ জনকে রাখব।”
সাবিনা-মাসুরাদের দিকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন বাটলার। সামর্থ্যের প্রমাণ না দিতে পারলে তাৎক্ষণিকভাবে মাঠ থেকে তুলে নেবেন, দিলেন এমন কড়া বার্তাও।
“পারফর্ম করা নিয়ে এখন সিনিয়ররা চাপে পড়েছে। তারা টিকটকে অনেক নেতিবাচক মন্তব্য পোস্ট করে, কেননা, তারা সুযোগ পায় না। আমি তাদের ভারতের বিপক্ষে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এখন তারা ভয় পাচ্ছে। মানুষই বিচার করুক, এই জার্সি তারা গর্ব নিয়ে পরে কিনা এবং এই ব্যাজের জন্য লড়াই করে কিনা। যে-ই পারফরম করতে পারবে না, তাৎক্ষণিকভাবে বদলি নামিয়ে দেব।”
পাকিস্তানকে ৫-২ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ম্যাচ নিয়ে ভারত কোচ সান্তোষ কশ্যাপ ঘোষণার সুরে বলেছিলেন, আরও আক্রমণাত্মক খেলবেন। কিন্তু বাংলাদেশ দলের বর্তমান আবহ বলছে, ভারতের আক্রমণ সামলানোর ছক কষবে, নাকি ঘরের আগুন নেভাবে আগে, সেটিই মূল প্রশ্ন এখন।
