২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে নিয়ে উপহাস, জবাবে আর্সেনালকে খোঁচা হলান্ডের বাবার

ম্যানচেস্টার সিটির ৫-১ গোলে হারের পর আর্সেনালের কড়া সমালোচনা করেছেন হলান্ডের বাবা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

ম্যানচেস্টার সিটির বড় হারের ম্যাচে আর্লিং হলান্ডকে নিয়ে উপহাস করতে দেখা যায় আর্সেনালের খেলোয়াড়দের। বিষয়টি মেনে নিতে পারেননি হল্যান্ডের বাবা আলফ-ইঙ্গে হলান্ড। আর্সেনালের কড়া সমালোচনা করেছেন তিনি। দলটির ট্রফি-খরার দিকে ইঙ্গিত করে দিয়েছেন খোঁচাও।

আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-১ গোলে হারে পেপ গুয়ার্দিওলার সিটি।

গত দুই মৌসুমে লিগের শিরোপা লড়াইটা হয়েছে মূলত এই দুই দলের মধ্যেই। তাদের দ্বৈরথও পৌঁছে গেছে অন্য উচ্চতায়।

গত সেপ্টেম্বরে ইতিহাদ স্টেডিয়ামে লিগে দুই দলের প্রথম দেখায় মাঠেই তৈরি হয় উত্তপ্ত পরিবেশ। যোগ করা সময়ে সিটি ২-২ সমতা টানার পর আর্সেনাল ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসকে বল ছুঁড়ে মারেন সিটির স্ট্রাইকার হলান্ড।

ওই ঘটনায় মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে করমর্দনের সময় এই স্প্যানিশ কোচকে ‘নম্র থাকতে’ বলেন হলান্ড। সেদিন আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের সঙ্গেও লেগে গিয়েছিল হলান্ডের।

এবার ফিরতি দেখায় মার্টিন ওডেগোর শুরুতে আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর হলান্ডের মুখের সামনে গিয়ে উদযাপন করেন মাগালিয়াইস। দ্বিতীয়ার্ধে আর্সেনালের তৃতীয় গোলটি করার পর হলান্ডের মতো বসে থেকে উদযাপন করেন মাইলস লুইস-স্কেলি। 

সতীর্থদের সঙ্গে তার সেই উদযাপনের ছবি ম্যাচের পর আর্সেনাল সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লিখেছে ‘এই দল।‘

সেই পোস্ট শেয়ার দিয়ে হলান্ডের বাবা লিখেছেন, “‘এই দল’, যারা সবকিছু জিতেছে। এহহহ, না।”

গত দুই মৌসুমে সিটির পেছনে থেকে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় আর্সেনাল। অনেকটা সময়জুড়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকার পরও পথ হারিয়ে ফেলায় সমালোচনার মুখে পড়েন কোচ আর্তেতা।

আর্সেনালের দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম মৌসুমে (২০১৯-২০) দলকে এফএ কাপ জেতান আর্তেতা। এরপর আর কোনো বড় শিরোপা তারা জিততে পারেনি।