২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে লুটিয়ে পড়া উরুগুয়ের ডিফেন্ডারের মৃত্যু

কিছুদিন আইসিইউতে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ২৭ বছর বয়সী হুয়ান ইসকিয়ার্দো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 05:06 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

কোপা লিবের্তাদোরেস ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন হুয়ান ইসকিয়ার্দো। দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত উরুগুয়ের এই ডিফেন্ডারকে বাঁচানো গেল না।

২৭ বছর বয়সী ইসকিয়ার্দো মঙ্গলবার পৃথিবীর মায়া ত্যাগ করেন। দক্ষিণ আমেরিকার ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।

দুর্ঘটনাটি ঘটে গত ২২ অগাস্ট। উরুগুয়ের ক্লাব নাসিওনালের হয়ে ব্রাজিলের সাও পাওলোর বিপক্ষে খেলতে নামেন ইসকিয়ার্দো। ম্যাচের ৮৪তম মিনিটে আচমকা অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান তিনি। সে সময় কারো সঙ্গে কোনো স্পর্শও লাগেনি তার।

অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে শুরু হয় তার চিকিৎসা। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয় তাকে।

অনেক চেষ্টা চালিয়েও ইসকিয়ার্দোকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানায়, ‘ব্রেইন ডেথ’ এর কারণে মৃত্যু হয়েছে তার।

ইসকিয়ার্দোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার ক্লাব নাসিওনাল। উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন গভীরভাবে মর্মাহত। আর্জেন্টিনা, পেরু, প্যারাগুয়ে ও কলম্বিয়ার ফুটবল সংস্থা ইসকিয়ার্দোর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেস বুধবার আয়োজিত প্রতিটি ম্যাচে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছেন।

ক্লাব ক্যারিয়ারে ১৩৯ ম্যাচ খেলে ৭ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন ইসকিয়ার্দো। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।