২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোমিতা ও নওশিনের গোলে সেনাবাহিনীর জয়

উইমেন’স প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 09:54 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

দুই অর্ধে গোলের দেখা পেল বাংলাদেশ সেনাবাহিনী। ফরাশগঞ্জকে হারিয়ে উইমেন’স প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রাখল গোলাম রব্বানী ছোটনের দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ফরাশগঞ্জকে ২-০ ব্যবধানে হারায় সেনাবাহিনী। লিগের উদ্বোধনী ম্যাচে আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল তারা।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণে আধিপত্য করা সেনাবাহিনী এগিয়ে যায় ৩৩তম মিনিটে। ডান দিক থেকে সতীর্থের ক্রসে বক্সের জটলা ভেতর থেকে লক্ষ্যভেদ করেন নওশিন জাহান।

৮৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণের পাশাপাশি দলের জয় নিশ্চিত করে সেনাবাহিনী। এবারও আক্রমণের শুরু ডান দিক থেকে আসা আড়াআড়ি ক্রসে। বক্সের ভেতরে মৌমিতা প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেওয়ার পর শরীর ঘুরিয়ে ডান পায়ের শটে খুঁজে নেন জাল।

দিনের অন্য ম্যাচে, সিরাজ স্মৃতি সংসদ বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও ফরোয়ার্ডদের নিষ্প্রভতায় গোল পায়নি। সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিংয়ের বিপক্ষে গোলশুন্য ড্র করেছে তারা।

চলতি লিগে তিন ম্যাচে সিরাজ স্মৃতি সংসদের এটি দ্বিতীয় ড্র। ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ৪-০ গোলে জিতেছিল জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে। 

নাসরিন একাডেমির বিপক্ষে ৭-০ গোলে হেরে লিগ শুরু করা সদ্যপুস্কুরিনী এই ড্রয়ে খুলল পয়েন্টের খাতা।