২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বপ্নের ক্লাবে’ প্রত্যাশার চাপকে আশীর্বাদ মনে করেন কুইয়া

চ্যাম্পিয়ন্স লিগে খেলা ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর কারণ ব্যাখ্যা করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

‘স্বপ্নের ক্লাবে’ প্রত্যাশার চাপকে আশীর্বাদ মনে করেন কুইয়া
স্বপ্নের ক্লাবে ডানা মেলতে চান মাথেউস কুইয়া। ছবি: ম্যান ইউনাইটেডের ফেইসবুক পাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 02:03 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেললে চাপ তো নিত্যসঙ্গী। মাথেউস কুইয়ার ক্ষেত্রে চাপ আরও বেশি থাকার কথা। গোলের খরা নিরসনে যে আনা হয়েছে তাকে। তবে প্রবল এই প্রত্যাশায় ভড়কে যাচ্ছেন না ইউনাইটেডের নতুন সেনানী। বরং চাপকে তিনি দেখছেন প্রাপ্তি হিসেবে। 

দুঃস্বপ্নের গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চদশ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে বেশি ভুগেছে গোলমুখে। ৩৮ ম্যাচে তারা গোল করতে পেরেছিল ৪৪টি। এবার তাই এখানেই সবচেয়ে বেশি জোর তাদের। গত মাসে কুইয়াকে দলে নেওয়ার পর কদিন আগে তারা যোগ করেছেন আরেক ফরোয়ার্ড ব্রায়াম এমবুমোকে।

গত মৌসুমটি দারুণ কেটেছে দুজনেরই। ব্রেন্টফোর্ডের হয়ে ২০টি গোল করেছিলেন এমবুমো, উলভারহ্যাম্পটনের হয়ে ১৫টি কুইয়া। এই দুজনকে পেতে সাড়ে ১৩ কোটি পাউন্ড খরচ করেছে ইউনাইটেড। 

বলার অপেক্ষা রাখে না, মৌসুমের শুরু থেকেই কৌতূহলের কেন্দ্রে থাকবেন দুজন। তাদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়াও হবে বেশি। 

তবে এটিকে ভার মনে করছেন না কুইয়া। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে ইউনাইটেডের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ানের কাছে এমন কিছুই বরং কাঙ্ক্ষিত। 

“আমার মনে হয়, এই ক্লাবের যে চাপের কথা বলা হচ্ছে, আদতে তা চাপ নয়। এটা বরং এক ধরনের আশীর্বাদ, কারণ এটা বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলির একটি।”

“এটা একটা চ্যালেঞ্জ, আমার ক্যারিয়ারের জন্যই যা করতে চাই আমি। আমার কাছে, ইউনাইটেড সবসময়ই এমন একটি ক্লাব, যেখানে যাওয়ার তাড়না সবার থাকে। এখন আমি এই প্রক্রিয়ায় অংশ হতে পারছি, এটা আমার জন্য বড় প্রাপ্তি।”

যুক্তরাষ্ট্রে গিয়ে প্রথম সংবাদ সম্মেলনে আমুরি পরিষ্কার করেই বলেছেন, কুইয়া ও এমবুমোর সামনে হাতছানি ছিল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া ক্লাবের। কিন্তু দুজনই বেছে নিয়েছেন ইউনাইটেডকে। কুইয়ার ক্ষেত্রে আর্সেনালের আগ্রহের খবর এসেছিল সংবাদমাধ্যমে।

কুইয়া বললেন, ইউনাইটেডের প্রস্তাব পাওয়ার পর অন্য কোনো ভাবনাই আর ছিল না তার মাথায়। 

“এটা আমার স্বপ্নের ক্লাব। এটাই সবচেয়ে বড় ব্যাপার, এটা আমার স্বপ্নের ক্লাব। হুবেনের সঙ্গে যখন আমার প্রখম আলোচনা হয়, আমার তখনই মনে হয়েছে, দারুণ গুরুত্বপূর্ণ কিছু একটা গড়ে উঠছে এবং অবশ্যই আমি এটার অংশ হতে চাই।”

আরও একজন ফরোয়ার্ডকে দলে যোগ করতে আমুরি আগ্রহী বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিন্সের দিকে তাদের নজর আছে বলে গুঞ্জন আছে। 

প্রাক-মৌসুমের ম্যাচে শনিবার শিকাগোয় ওয়েস্ট হ্যামের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড।