গোলের জন্য হন্যে হতে মানা বাংলাদেশ কোচের
পিটার জেমস বাটলার মনে করিয়ে দিয়েছেন, উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়।
বরাবরই স্পষ্টভাষী পিটার জেমস বাটলার। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে এসে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ ভারত ম্যাচ নিয়ে বেশি আলোচনা হওয়ায় বিরক্ত হলেন। মালদ্বীপের জালে ভারতের ১১ গোল প্রসঙ্গেও উষ্মা প্রকাশ করলেন তিনি। স্পষ্ট করে বাটলার বললেন, গোলের পেছনে হন্যে হয়ে ছুটবে না তার দল।
ভারতের গোয়ায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে বাংলাদেশের যাত্রা শুরু হবে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। উইমেন’স সাফের হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযান শুরুর আগে বুধবার স্টেডিয়ামের লাগোয়া ডন বস্কো গ্রাউন্ডে শেষ মুহূর্তের প্রস্তুতি শাণিয়ে নিয়েছে দল।
ঘণ্টা দুয়েকের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছেন বাটলার। আক্রমণভাগ-মাঝমাঠ-রক্ষণ, সব বিভাগ নিয়ে কাজ করলেন আলাদাভাবে। এরপর যখন কথা বলতে এলেন, মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের অজেয় থাকার পরিসংখ্যান, দুটি সাফ জয়ের গল্প-সব তিনি ঠেলে দিলেন অতীতের পাতায়। বললেন, সবকিছু নতুন করে শুরু করতে চান।
“আগামীকালের ম্যাচ নিয়ে আমাদের ভাবনা হলো-আমরা কেবল একটি একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। আমরা মূলত এখানে এসেছি, সবকিছু নিয়ে একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। অতীতে যা ঘটেছে তা শেষ, তা চুকেবুকে গেছে। পেছনে তাকানোর সুযোগ নেই, দুঃখিত। আর সবচেয়ে বড় কথা হলো আমরা সামনের দিকে তাকাব, ইতিবাচক থাকব, ভালোভাবে প্রস্তুতি নেব, এবং তার চেয়েও বড় কথা, বিনয়ী থাকব।”
“জানেনই তো, মাঝে মাঝে সবাই শুধু এই খেলা, ওই খেলা কিংবা ৩১ তারিখে (ভারতের বিপক্ষে) ম্যাচটি নিয়ে কথা বলতে থাকে; নানা সমীকরণ, কী হতে পারে, না পারে- এসব নিয়ে ভাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো পরের ম্যাচটি। আমরা প্রতিটি প্রতিপক্ষকে আলাদাভাবে বিবেচনা করি এবং তাদের সম্মান জানাই। আমরা মাঠে নামব এবং মেয়েদের জন্য আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগাব, যাতে তারা স্রেফ একটা ভালো পারফরম্যান্স উপহার দিতে পারে।”
গ্রুপ সেরা হতে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য। বাটলার এসব নিয়ে ভাবছেনই না। ৫৯ বছর বয়সী এই ইংলিশ কোচ অতীত অভিজ্ঞতা থেকে মারিয়া-আনিকাদের সতর্কও করে দিলেন। বললেন, গোলের পেছনে লাগামহীনভাবে ছোটা যাবে না।
“না, না, আমি বিষয়টাকে ওভাবে দেখি না। আমার মনে হয়, আপনি যদি কেবল গোলের পেছনে ছোটেন বা সুযোগের পেছনে হন্যে হয়ে যান, তবে শেষ পর্যন্ত আপনার লক্ষ্য পূরণ নাও হতে পারে। আমি এই পেশায় অনেক-অনেক দিন ধরে আছি। আর ভারতের ওই ম্যাচটি থেকে আমি কোনো কিছুই মেলাতে যাব না, কারণ মালদ্বীপের প্রস্তুতি সবচেয়ে ভালো ছিল না। তারা ট্রানজিটে (যাতায়াতের পথে) ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিল। তাই ওই ম্যাচের ফলাফলকে আমি কোনো গুরুত্ব দিচ্ছি না বা ওখান থেকে কিছু নেওয়ার আছে বলে মনে করি না।”
“আমি ম্যাচটি দেখেছি, আর আমাদের দৃষ্টিকোণ থেকে আমি কেবল আমার দলের একটি পেশাদার ও সুশৃঙ্খল পারফরম্যান্স দেখতে চাই। যাতে আমরা ইতিবাচকভাবে ম্যাচটি শেষ করতে পারি। গোলের পেছনে ছোটা সঠিক পথ নয়। আমি জানি, অনেকেই বলে বেড়ায় যে, আপনাকে এত গোল করতে হবে, অত গোল করতে হবে। যারা এমন কথা বলে, তারা ফুটবল বোঝে না। এটি একটি ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়।”
