Published : 12 Feb 2026, 12:21 PM
ম্যাচের তখন মোটে ২২ মিনিট চলছে। কার্লোস বালেবার বদলি হিসেবে মাঠে নামলেন জেমস মিলনার। মাঠে পা পড়তেই রচিত হলো ইতিহাস। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন ৪০ বছর বয়সী ফুটবলার।
অ্যাস্টন ভিলার বিপক্ষে বুধবারের ম্যাচটি দিয়ে অবিস্মরণীয় কীর্তি গড়লেন ব্রাইটন অ্যান্ড হেভি অ্যালবিওনের এই ফুটবলার।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৬৫৩তম ম্যাচ এটি মিলনারের। ইংল্যান্ডের শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে তিনি স্পর্শ করলেন গ্যারেথ ব্যারিকে। সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার সিটিতে খেলেছেন মিলনার।
সেই ২০০২ সালে মাত্র ১৬ বছর বয়সে লিডস ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক মিলনারের। এখানে থাকার সময়ই ধারে কিছুদিন খেলেছেন সুইনডন টাউনে। পরে তিনি খেলেছেন খেলেছেন নিউক্যাসল, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলে। ২০২৩ সাল থেকে আছেন ব্রাইটনে।
সবচেয়ে বেশি ২৩০ ম্যাচ খেলেছেন তিনি লিভারপুলের হয়ে, ম্যানচেস্টার সিটির জার্সিতে খেলেছেন ১৪৭ ম্যাচ।
ক্যারিয়ারজুড়ে বিভিন্ন পজিশনে তিনি খেলেছেন, কখনও ফুল ব্যাক, কখনও মিডফিল্ডার, কখনও উইঙ্গার হিসেবে।
মিলনারের বিশেষ দিনে তাকে অভিনন্দন জানান কোচ ফেবিয়ান হারসেলার।
"জেমসের জন্য এটি স্পেশাল এক রাত। এটা কোনও কাকতালীয় ঘটনা নয় যে, সে এখনও প্রমাণ করে চলেছে প্রিমিয়ার লিগে সে খেলতে পারে।
"তার সঙ্গে কাজ করা এবং আমাদের দলে তাকে একজন খেলোয়াড় এবং রোল মডেল হিসেবে পেয়ে আনন্দিত।"
ম্যাচটি অবশ্য স্মরণীয় করে রাখতে পারেনি তার দল। ব্রাইটন হেরে গেছে ১-০ গোলে।
বয়স ৪০ পেরিয়ে গেলেও থামার কোনো আভাস সেই মিলনারের। রেকর্ডটি শুধুই নিজের করে নেওয়া তাই স্রেফ সময়ের ব্যাপার তার জন্য।
এই রেকর্ডে মিলনার ও ব্যারির পর আছেন ম্যানচেস্টার ইউনাটেডের কিংবদন্তি রায়ান গিগস (৬৩২ ম্যাচ)। চেলসির কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড খেলেছেন ৬০৯ ম্যাচ, সাবেক গোলকিপার ডেভিড জেমস ৫৭২ ম্যাচ।