২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ইয়োকেরেশকে পেয়ে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ

বেশ কিছুদিনের টানাপোড়েনের পর অবশেষে গত মৌসুমের গোলমেশিন এই স্ট্রাইকারকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আর্সেনাল।

অবশেষে ইয়োকেরেশকে পেয়ে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ
ইয়েকেরেশ এখন আর্সেনালের। ছবি: আর্সেনালের ফেইসবুক পাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 12:33 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

অনিশ্চয়তা খুব একটা ছিল না, তবে চলছিল টানাপোড়েন। অপেক্ষা ছিল উপযুক্ত সময়েরও। অবশেষে সবকিছুর সমাপ্তি। নানা গুঞ্জন-আলোচনার পর ভিক্তর ইয়োকেরেশ এখন আর্সেনালের। কাঙ্ক্ষিত ফুটবলারকে দলে পেয়ে রোমাঞ্চিত আর্সেনালের কোচ মিকেল আর্তেতা।

ইয়োকেরেশের সঙ্গে আর্সেনালের আলোচনার ব্যাপারটি গত কিছুদিনে অনেকটাই ছিল প্রকাশ্য। কোচ আর্তেতাও নানা সময়ে কথা বলেছেন তাকে নিয়ে। আনুষ্ঠানিক ঘোষণা এলো শনিবার। পাঁচ বছরের চুক্তিতে ২৭ বছর বয়সী সুইডেনের স্ট্রাইকার যোগ দিলেন উত্তর লন্ডনের ক্লাবটিতে।

চুক্তির আর্থিক বিষয়াদি খোলাসা করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, পর্তুগালের ক্লাব স্পোর্তিং সিপি থেকে ইয়োকেরেশকে পেতে সাড়ে পাঁচ কোটি পাউন্ড খরচ হচ্ছে আর্সেনালের, এর বাইরে অন্যান্য সংযুক্তি আরও ৮০ লাখ পাউন্ড। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএনের দাবি, ট্রান্সফার ফির অঙ্কটা ৬ কোটি ৩০ লাখ পাউন্ড, সঙ্গে অন্যান্য সংযুক্তি আরও ১ কোটি পাউন্ড। 

সূত্রের বরাত দিয়েই ইএসপিএন কয়েক দিন আগে জানিয়েছিল, পারফরম্যান্স সম্পর্কিত বোনাস নিয়েই আর্সেনালের সঙ্গে ইয়োকেরেশের দর কষাকষিতে দেরি হচ্ছে চুক্তিতে।

চলতি দলবদলে আগেও চারজনকে দলে যোগ করেছে আর্সেনাল। তবে আর্তেতা হন্যে হয়ে খুঁজছিলেন একজন স্ট্রাইকার। সেখানে তার প্রথম পছন্দই ছিলেন ইয়োকেরেশ। 

গত মৌসুমের শেষ দিকে গোলস্কোরারের অভাবে প্রবলভাবে ভুগেছে আর্সেনাল। গাব্রিয়েল জেসুস ও কাই হাভার্টজ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চোটে পড়ার পর এক পর্যায়ে মিডফিল্ডার মিকেল মেরিনোকে দিয়ে ফরোয়ার্ডের কাজ চালাতে হয়েছে। 

আর্সেনালে ইয়োকেরেশের চুক্তি পাঁচ বছরের। ছবি: আর্সেনালের ফেইসবুক পাতা।

আর্সেনালে ইয়োকেরেশের চুক্তি পাঁচ বছরের

ইয়োকেরেশ গত মৌসুমে ছিলেন গোলমেশিন। স্পোর্তিংয়ের পর্তুগিজ লিগ ও কাপ জয়ের সাফল্যে তার ছিল বড় অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৫২ ম্যাচে ৫৪টি গোল করেছিলেন তিনি, ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে যা ছিল সর্বোচ্চ। সাড়া জাগিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে। 

পর্তুগিজ লিগে গত মৌসুমে তার গোল ৩৯টি। সব মিলিয়ে পর্তুগিজ লিগে স্পোর্তিংয়ের হয়ে ৬৬ গোল করেছেন তিনি ৬৮ ম্যাচ খেলেই। 

সব মিলিয়ে স্পোর্তিংয়ের হয়ে দুই মৌসুমে ১০২ ম্যাচ খেলে তার গোল ৯৭টি, গোলে সহায়তা ২৮টি।

তাকে পেতে কতটা মরিয়া ছিল আর্সেনাল, ফুটে উঠল আর্তেতার কথায়। 

“ভিক্তর ইয়োকেরেশকে ক্লাবে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। যে ধারাবাহিকতা সে দেখিয়ে আসছে এবং যেভাবে মেলে ধরেছে নিজেকে, তা অসাধারণ এবং গোলে তার অবদানই কথা বলছে এসব নিয়ে।”

“ভিক্তরের গুণের শেষ নেই। সে গতিময়, গোলমুখে শক্তিশালী উপস্থিতি তার। ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে তার গোলসংখ্যা অবিশ্বাস্য। নিখুঁত পারফরম্যান্সে গোলের সুযোগ কাজে লাগানোর হার তার অসাধারণ। বক্সের ভেতর তার বুদ্ধিদীপ্ত বিচরণ প্রতিপক্ষের জন্য সবসময়ই হুমকির।”

কদিন আগে আর্তেতা বলেছিলেন, আর্সেনালের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের এশিয়া সফরেই ইয়োকেরেশকে দলে চান তিনি। চুক্তির আনুষ্ঠানিকতার পর কাজ শুরু করতে তর সইছে না কোচের।

“আমাদের স্কোয়াডে ভিক্তর যা বয়ে আনছে, তা নিয়ে আমরা রোমাঞ্চিত এবং তার সঙ্গে কাজ শুরু করতে মুখিয়ে আছি। ভিক্তর ও তার পরিবারকে আর্সেনালে স্বাগত জানাই আমরা।”

ইংলিশ ফুটবলের সঙ্গে পুরোনো পরিচয়ও আছে ইয়োকেরেশের। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ফরোয়ার্ড দেশের বাইরের লিগে প্রথম খেলেন ইংলিশ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনে। সেখানে থাকার সময় ধারে খেলেছেন সোয়ানসি সিটি ও কভেন্ট্রি সিটিতে। পরে ২০২১ সালে পূর্ণ চুক্তিতেই নাম লেখান কভেন্ট্রিতে। সেখান থেকে ২০২৩ সালে পাড়ি জমান স্পোর্তিংয়ে।

এবার শুরু তার নতুন অধ্যায়। আর্সেনালে তিনি গায়ে চাপাবেন ১৪ নম্বর জার্সি।