২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডায়মন্ড’ ফোডেন আগের মতোই আছেন কোচের হৃদয়ে

২২ বছর বয়সী উইঙ্গার আবার আগের চেহারায় ফিরবেন, বিশ্বাস ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 02:18 PM

Updated : 25 Feb 2023, 02:18 PM

চোটের সঙ্গে লড়াই। পারফরম্যান্সে ভাটার টান। একই পজিশনে অন্যদের দাপট। সব মিলিয়ে পাদপ্রদীপের আলো থেকে অনেকটাই যেন আড়ালে চলে গেছেন ফিল ফোডেন। তবে পেপ গুয়ার্দিওলার হৃদয়ে তার অবস্থান নড়বড়ে হয়নি একটুও। তরুণ এই উইঙ্গারকে ম্যানচেস্টার সিটি কোচ বলছেন দলের ‘ডায়মন্ড।’ তার ওপর প্রবল আস্থার কথাও তিনি জানিয়ে দিলেন স্পষ্ট করে।

এবার মৌসুমের শুরুটা দারুণ করেছিলেন ফোডেন। গত অক্টোবরের শুরুতে ম্যানচেস্টার ডার্বিতে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন তিনি। কদিন পরই সিটিতে চুক্তির মেয়াদ বাড়ান তিন বছরের জন্য।

পরের মাসে বিশ্বকাপ থেকেই বিপত্তি। বিশ্বকাপ থেকে অ্যাঙ্কেলের চোট নিয়ে ফেরেন ক্লাবে। পরে যখন ফিট হয়ে উঠলেন, তখন জ্যাক গ্রিলিশ আর রিয়াদ মাহরেজের দুর্দান্ত পারফরম্যান্সে একাদশে জায়গা পাওয়াই কঠিন!

এখনও সেই অবস্থাই চলছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ১০ ম্যাচের কেবল ৩টিতেই শুরুর একাদশে ঠাঁই হয়েছে ফোডেনের।

২২ বছর বয়সী ফুটবলারের ওপর থেকে তাহলে কি কোচের আস্থা কমে গেল? শনিবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের আগে এই প্রশ্ন হতেই গুয়ার্দিওলা সাফ জানিয়ে দিলেন তার ভাবনা।

“আপনি যদি বলার চেষ্টা করেন যে ফিলের (ফোডেনের) ওপর আমার আস্থা নেই, তাহলে তা ভুলে যান। ফিল আমাদের ডায়মন্ড। আমার চাওয়া, ফিল যেন ওই দুজনকে (গ্রিলিশ ও মাহরেজ) প্রতিন্দ্বন্দ্বিতায় রাখতে পারে। আর ফিল তো অবশ্যই মাঝখানে খেলতে পারে, আরও মাঝামাঝি কোনো পজিশনে।”

গুয়ার্দিওলার মতে, পারফরম্যান্সে উঠা-নামা প্রতিটি ফুটবলারের পথচলারই অংশ। ফোডেনকে তিনি কীভাবে উজ্জীবিত করেন, সেটিও জানিয়ে দিলেন ম্যানচেস্টার সিটি কোচ।

“আমি সবসময় ওকে বলি, ‘তোমার বয়স এত কম, পরের মৌসুমই তো নতুন শুরু। আগের মৌসুমের চেয়ে এই মৌসুমে একটু পিছিয়ে যাওয়া মানে সেটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। তুমি কীভাবে এটা সামলাবে, তা হচ্ছে গুরুত্বপূর্ণ।’ এটাই তাকে সবসময় বলি।”

“সে যদি এটা ভালোভাবে সামলাতে পারে, যদি পশুর মতো পরিশ্রম করতে পারে, ঘাম ঝরাতে পারে, কোনো সন্দেহ নেই যে সে সামলাতে পারবে এবং আমি নিশ্চিত, সে আগের মতোই ফিরবে।”