Published : 26 Feb 2026, 05:51 PM
ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা পূরণ হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোর। স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর ‘সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানির’ মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে। তবে এই বিষয়ে কিছুই খোলাসা করা হয়নি। এটাকে রোনালদোর দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।
আলমেরিয়ার শেয়ার কেনার কথা নিশ্চিত করেছেন রোনালদো নিজেই।
“ফুটবল মাঠের বাইরেও এই খেলায় অবদান রাখার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আমার। ইউডি আলমেরিয়া শক্ত ভিতের দাঁড়ানো একটি স্প্যানিশ ক্লাব এবং তাদের উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে। ক্লাবের নতুন এই উন্নতির পথে সহায়তা করার জন্য কাজ করতে চাই।”
অবসরের পর কোনো একটি ক্লাবের মালিক হওয়ার ইচ্ছার কথা আগে বলেছিলেন রোনালদো। ৪১ বছর বয়সে এসে তার সেই ইচ্ছা পূরণ হচ্ছে।
২০২৫ সালে সৌদি আরবের বিনিয়োগকারী একটি গ্রুপ আলমেরিয়ার মালিকানা নেয়। পাঁচবারের ব্যালন দ’র জয়ী রোনালদোকে মালিকানায় পেয়ে ভীষণ খুশি আলমেরিয়ার সভাপতি মোহামেদ আল খেরেইজি।
“তাকে মাঠের সেরা হিসেবে বিবেচনা করা হয়। তিনি স্প্যানিশ লিগ সম্পর্কে খুব ভালো জানেন এবং দল ও যুব একাডেমি, উভয় ক্ষেত্রেই আমরা এখানে যা তৈরি করছি তার সম্ভাবনা তিনি বুঝতে পারছেন।”
২০২৪ সালের এপ্রিলে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া আলমেরিয়া এবার শীর্ষ লিগে ফেরার দৌড়ে আছে। ২৭ ম্যাচ শেষে তারা স্পেনের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় তৃতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা রেসিং সান্তান্দের থেকে স্রেফ দুই পয়েন্ট পিছিয়ে।