২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা এমবাপের ওপর নির্ভরশীল’, এই ধারণা একেবারেই পছন্দ নয় আলোন্সোর

যদিও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা, সবশেষ ম্যাচেও রেয়াল মাদ্রিদের জয়ের নায়ক এই ফরাসি তারকা।

‘আমরা এমবাপের ওপর নির্ভরশীল’, এই ধারণা একেবারেই পছন্দ নয় আলোন্সোর
কিলিয়ান এমবাপের (বাঁয়ে) সঙ্গে রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

রেয়াল মাদ্রিদের ম্যাচ মানেই যেন কিলিয়ান এমবাপের গোল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ১৫ গোল করে ফেলেছেন ফরাসি এই তারকা। তাতে মনে হচ্ছে, দলটি যেন এখন পুরোপুরি এমবাপে নির্ভর হয়ে পড়েছে। তবে এই ধারণা পছন্দ নয় স্প্যানিশ ক্লাবটির কোচ শাবি আলোন্সোর।

এবারের লা লিগায় দলের ৯ ম্যাচের সবগুলো খেলে সর্বোচ্চ ১০টি গোল করেছেন এমবাপে, দলের অন্যরা মিলে করেছেন বাকি ১০ গোল। সঙ্গে ২টি অ্যাসিস্টও করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। একটি ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচেই তিনি জালের দেখা পেয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে একটি হ্যাটট্রিকসহ করেছেন ৫ গোল। 

সবশেষ ম্যাচে গেতাফের বিপক্ষে রোববার রেয়ালের জয়সূচক একমাত্র গোলটিও করেন এমবাপে। 

এমন পরিসংখ্যানের আলোকে তাই এখনকার রেয়াল মাদ্রিদ দলকে এমবাপে নির্ভর মনে হতেই পারে। কিন্তু গেতাফে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ আলোন্সো বললেন, এমন ভাবনা তার একদমই পছন্দ নয়।

“আমরা এমবাপেকে নিয়ে খুবই খুশি। গোলই ম্যাচ জেতায়; কিন্তু মানুষ বলবে আমরা এমবাপের ওপর নির্ভরশীল, তা আমার পছন্দ নয়। (দলের সবার) অনেক পরিশ্রম আছে।”

সবশেষ ম্যাচেও খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর ধারা ধরে রাখেন আলোন্সো। ভিনিসিউস জুনিয়র ও আর্দা গিলেরকে বেঞ্চে রেখে, শুরুর একাদশে জুড বেলিংহ্যাম ও রদ্রিগোকে খেলান তিনি।

গেতাফের মাঠে অনেক চেষ্টার পর, প্রতিপক্ষের একজন লাল কার্ড দেখার পর, কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রেয়াল। দলের পারফরম্যান্স খুব বেশি সন্তোষজনক না হলেও, জয়ের পথে থাকতে পেরে খুশি আলোন্সো। 

“গেতাফের মাঠে খেলা সহজ নয়। ম্যাচটা হয়তো খুব আকর্ষণীয় হয়নি, কিন্তু আমরা লক্ষ্যে স্থির ছিলাম এবং যা করণীয় তা করতে পেরেছি। এই জয় আমাদের সপ্তাহটা দারুণভাবে শুরু করতে সাহায্য করবে।"

গেতাফেকে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রেয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ৮ জয়ে তাদের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।