২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্তিনেসের বার্সেলোনায় ফেরা ‘অসম্ভব’

‘সত্যি বলতে আমি এখানে খুব খুশি’, বললেন ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাস্‌র সতীর্থ।

মার্তিনেসের বার্সেলোনায় ফেরা ‘অসম্ভব’
যখন বার্সেলোনায় ছিলেন ইনিগো মার্তিনেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 05:50 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

জানুয়ারির দলবদলে ইনিগো মার্তিনেস বার্সেলোনায় ফিরতে পারেন বলে গুঞ্জন চলছিল। এই স্প্যানিশ ডিফেন্ডার নিজের অবস্থান পরিষ্কার করে বললেন, বার্সেলোনার আর্থিক পরিস্থিতির কারণে আপাতত তার প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনাই নেই।

বার্সেলোনা ছেড়ে গত গ্রীষ্মের দলবদলে সৌদি আরবের ক্লাব আল নাস্‌রে যোগ দেন মার্তিনেস। স্প্যানিশ দলটিতে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই তার হুট করে চলে যাওয়াটা ছিল খানিকটা বিস্ময়কর। 

গত মৌসুমে বার্সেলোনার নিয়মিত ফুটবলারদের একজন ছিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে পাউ কুবার্সির সঙ্গে তার জমাট জুটির বড় ভূমিকা ছিল ক্লাবের লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে।

জানুয়ারির দলবদলে একজন ডিফেন্ডার দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে বার্সেলোনার পক্ষ থেকে। সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে, ছয় মাস পরই পুরোনো ঠিকানায় ফিরতে পারেন মার্তিনেস। সাংবাদিক জেরার্দ রোমেরোর সঙ্গে আলাপচারিতায় এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেন ৩৪ বছর বয়সী সেন্টার-ব্যাক।

“আমি বার্সেলোনায় ফিরতে পারব না, লাপোর্তার (বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা) পক্ষে এত অর্থ ব্যয় করা অসম্ভব (হাসি)। সত্যি বলতে আমি এখানে খুব খুশি। অবশ্যই আমি বার্সেলোনাকে মিস করি।”