২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

‘পরিবারের কাছে থাকতে’ জার্মান ক্লাব ছাড়লেন এরিকসেন

পারস্পরিক সমঝোতায় মেয়াদ শেষের আগেই ভলফসবুর্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ডেনমার্কের মিডফিল্ডার।

‘পরিবারের কাছে থাকতে’ জার্মান ক্লাব ছাড়লেন এরিকসেন

ক্রিস্টিয়ান এরিকসেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 10:06 PM

Updated : 23 Sep 2026, 10:06 PM

জার্মানির দ্বিতীয় স্তরের ক্লাব ভলফসবুর্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ক্রিস্টিয়ান এরিকসেন। ‘পরিবারের কাছে থাকতে’ পারস্পরিক সমঝোতায় ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেছেন ডেনমার্কের এই মিডফিল্ডার।

ফ্রি এজেন্ট হিসেবে এক বছর আগে ভলফসবুর্কে যোগ দেন এরিকসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলে তিনটি গোল ও ১০টি অ্যাসিস্ট করেন তিনি।

২০২৭ সালের জুন পর্যন্ত ভলফসবুর্কের সঙ্গে চুক্তি ছিল ৩৪ বছর বয়সী এরিকসেনের। মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষের সম্মতিতে চুক্তির ইতি টানার কথা বুধবার জানিয়েছে ক্লাবটি।

গত জুনে ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠেই জ্ঞান হারিয়ে পড়ে যান এরিকসেন। এর আগে ২০২১ সালে কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে কার্ডিয়াক অ‍্যারেস্টের শিকার হন তিনি।

গত জুলাইয়ে এরিকসেন বলেছিলেন, নিজ দেশ ডেনমার্কে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন তিনি।

ভলফসবুর্কের সঙ্গে চুক্তি বাতিল করা নিয়ে এরিকসেন বলেছেন, একটি সমাধানে পৌঁছাতে পেরে ভালো লাগছে তার।

“এই মুহূর্তে ডেনমার্কে পরিবারের কাছাকাছি থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। একসঙ্গে একটি সমাধানে পৌঁছাতে পেরে আমি খুশি।

“ভলফসবুর্কে আমার সময়টা অনেক উত্থান-পতনে ভরা ছিল। ক্লাবটি এখন যোগ্য নেতৃত্বে আছে এবং বুন্ডেসলিগায় ফেরার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত, ভলফসবুর্কের সামনে সফল একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে।”

ক্লাব ক্যারিয়ারে আয়াক্স আমস্টারডাম, টটেনহ্যাম হটস্পার, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও খেলেছেন এরিকসেন।