২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে হতাশ লিভারপুল কোচ

লিভারপুল কোচ বললেন, যোগ্য দল হিসেবেই তাদেরকে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।

দলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে হতাশ লিভারপুল কোচ
লিভারপুল কোচ আর্না স্লট। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 08:21 AM

Updated : 26 Aug 2026, 03:13 PM

প্রথমার্ধে পিছিয়ে পড়ার ১৫ মিনিট পরই সমতা ফেরায় লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে হেরে স্বাভাবিকভাবেই হতাশ আর্না স্লট। তবে প্রতিপক্ষের প্রশংসা করতেও ভুললেন না অ্যানফিল্ডের ক্লাবটির কোচ।

প্রিমিয়ার লিগে শনিবার শেষ ভাগে ছন্দ হারিয়ে ২-১ গোলে হেরে যায় লিভারপুল। ব্রাইটনের হয়ে জোড়া গোল করেন ড্যানি ওয়েলবেক। সফরকারীদের একমাত্র গোলদাতা মিলোস কেরকেস।

ম্যাচের চতুর্দশ মিনিটে হেডে স্বাগতিকদের এগিয়ে নেন ওয়েলবেক। ব্যবধান ঘোচাতে বেশি সময় নেয়নি লিভারপুল। ৩০তম মিনিটে সমতা ফেরায় তারা।

ম্যাচের দ্বিতীয়ভাগে লিভারপুলের ধার অনেকটাই কমে যায়। সেই সুযোগে ৫৬তম মিনিটে ফের গোল করেন ৩৫ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ওয়েলবেক।

হতাশায় মোড়া আসরে আরেকটি ম্যাচে জয়হীন থাকার পর স্লট বললেন, যোগ্য দল হিসেবেই তাদেরকে হারিয়েছে ব্রাইটন।

“ম্যাচের প্রথমার্ধ ছিল সমানে-সমান, কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে তারা শ্রেয়তর ছিল। আমার মনে হয়, যোগ্য দল হিসেবেই তারা আমাদের হারিয়েছে। ব্যবধান খুবই সামান্য ছিল, যেমন অভিজ্ঞতা এই মৌসুমে অনেকবার আমাদের হয়েছে-কারণ তাদের গোলটি মাত্র কয়েক মিলিমিটারের জন্য অনসাইড ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমাদের চেয়ে তাদেরই গোল বেশি প্রাপ্য ছিল।”

টানা তৃতীয় ম্যাচে জিততে পারল না লিভারপুল। লিগে দশম হারের পর, ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। 

৩০ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে অ্যাস্টন ভিলা।