২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা ছাড়ার পর কী করবেন মেসি

অবসরের পরের ভাবনা নিয়ে বললেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

খেলা ছাড়ার পর কী করবেন মেসি
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 08:15 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

বয়স ৩৮ বছর পেরিয়ে গেছে। বলা যায় এখন ফুটবল ক্যারিয়ারের শেষ পর্যায়ে লিওনেল মেসি। বুটজোড়া তুলে রাখার পর কী করবেন আর্জেন্টাইন জাদুকর- অন্য অনেক ফুটবলারের মতো কোচিংয়ে নেমে পড়বেন? ইন্টার মায়ামি তারকা বললেন, কোচিং নয় বরং অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চান ক্লাবের মালিক হিসেবে।

আর্জেন্টাইন স্ট্রিমিং চ্যানেল লুসু টিভিতে মঙ্গলবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে অবসর-পরবর্তী জীবন নিয়ে ভাবনা তুলে ধরেন মেসি। 

“আমি নিজেকে কোচ হিসেবে দেখি না। একজন ম্যানেজার হওয়ার ধারণাটা ভালো লাগে। তবে ক্লাবের মালিক হওয়াটাই আমার বেশি পছন্দের। আমার নিজের একটি ক্লাব থাকবে, একদম শূন্য থেকে শুরু করে গড়ে তুলতে চাই, যেখানে শিশুদের বিকশিত হওয়ার এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জনের সুযোগ থাকবে। যদি আমাকে বেছে নিতে হয়, তাহলে এটাই আমার জন্য সবচেয়ে আকর্ষণীয়।’

সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। সেই চুক্তি অনুয়ায়ী ২০২৮ পর্যন্ত এমএলএসের ক্লাবটিতে থাকবেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী। 

ইতোমধ্যে তিনি একটি ক্লাবের মালিকও হয়েছেন, দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেসের সঙ্গে অংশীদারিত্বে উরুগুয়ের চতুর্থ বিভাগে দেপোর্তিভো এলএসএম নামে একটি ক্লাব চালু করেছেন। লুইস সুয়ারেস ও মেসির নামের আদ্যক্ষর বিশিষ্ট এই ক্লাবে ৮০ জন পেশাদার কর্মী এবং ৩ হাজার সদস্য আছেন।

প্রাথমিকভাবে উরুগুয়ের তারকা সুয়ারেস একাই এই প্রকল্পটি শুরু করেছিলেন। পরে তার সঙ্গে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

সম্প্রতি মেসি নিজের নামে মেসি কাপও চালু করেছেন। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের টুর্নামেন্ট এটি। প্রতিভা বিকাশের লক্ষ্যে বিশ্বজুড়ে আটটি একাডেমি দল মায়ামিতে খেলে এই আসরে। গত ডিসেম্বরে মেসি কাপের প্রথম আসরের ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।