২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাবকে’ নেতৃত্ব দিতে পেরে গর্বিত ভিনিসিউস

প্রথমবারের মতো রেয়াল মাদ্রিদের অধিনায়কত্ব করতে পেরে খুবই উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান তারকা।

‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাবকে’ নেতৃত্ব দিতে পেরে গর্বিত ভিনিসিউস
রেয়াল মাদ্রিদের জার্সিতে অধিনায়কত্বের অভিষেকে হাস্যোজ্জ্বল ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2025, 06:41 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

ম্যাচের পর অধিনায়কের আর্মব্যান্ড পরা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ভিনিসিউস জুনিয়র লেখেন, ‘আমার স্বপ্নের ক্লাবের সঙ্গে স্মরণীয় মুহূর্ত।’ সেই উচ্ছ্বাস ফুটে উঠল তার কণ্ঠেও। প্রথমবারের মতো রেয়াল মাদ্রিদের অধিনায়কত্ব করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান তারকা। 

ভিনিসিউসের এই অভিজ্ঞতা হয় কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে রেয়াল সোসিয়েদাদের মাঠে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে। দলের নিয়মিত চার অধিনায়কের মধ্যে দানি কার্ভাহাল চোটের কারণে মাঠের বাইরে অনেক দিন ধরে। বুধবারের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় ফেদেরিকো ভালভের্দেকে। লুকা মদ্রিচ ছিলেন বেঞ্চে। আর লুকাস ভাসকেসকে নামানো হয় দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে।

অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাই ভিনিসিউসকে। সেই দায়িত্ব তিনি পালন করেন ভালোভাবেই। এমনিতে অনেক সময়ই রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে কিংবা মেজাজ হারিয়ে কার্ড দেখতে দেখা যায় তাকে। তবে এ দিন দেখা মেলে ভিন্ন এক ভিনিসিউসের।

ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট তিনি করতে পারেননি। তবে সতীর্থদের পাশে ছায়ার মতো কাজ করেছেন, আক্রমণে উঠেছেন, সুর বেঁধে দিয়েছেন। প্রতিপক্ষের গোলের সামনে সবচেয়ে বেশি ১৩টি পাস দিয়েছেন এই ফরোয়ার্ড। জুড বেলিংহ্যামের সঙ্গে যৌথভাবে গোলে সবচেয়ে বেশি ৪টি শটও নিয়েছেন তিনি। তার দুটি শট ঠেকিয়ে দিয়েছেন সোসিয়েদাদের গোলরক্ষক।

ভিনিসিউসের বাহুতে অধিনায়কের আর্মব্যান্ড। ছবি: রেয়াল মাদ্রিদ ফেইসবুক

ভিনিসিউসের বাহুতে অধিনায়কের আর্মব্যান্ড

কোনো সিদ্ধান্ত নিয়ে রেফারি হোসে মারিয়া সানচেস মার্তিনেস বা সোসিয়েদাদের অধিনায়ক মিকেল ওইয়ারসাবালের সঙ্গে কথা বলা, আবার রেয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেন্সিওকে লক্ষ্য করে গ্যালারি থেকে যখন ‘আসেন্সিও, মরে যাও’ স্লোগান ভেসে আসছিল, তখনও রেফারির সঙ্গে অনেকক্ষণ কথা বলেন ভিনিসিউস। ওই ঘটনায় কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ করে দেন রেফারি।

সব মিলিয়ে নেতৃত্বের প্রথম পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন ২৪ বছর বয়সী তারকা। ম্যাচ শেষে মিক্সড জোনে তিনি বললেন, রেয়াল মাদ্রিদের মতো ক্লাবের অধিনায়কের আর্মব্যান্ড পরতে পারাটা তার কাছে বিশেষ কিছু। 

“এত বছর পর আর্মব্যান্ডটি পরতে পারাটা খুবই বিশেষ কিছু। এখানে আসা, আমার স্বপ্নের ক্লাবে পা রাখা, স্বপ্ন পূরণ করতে পারা, এখানে (ভালো-খারাপ) সবকিছুর পরও আমার এবং আমার পুরো পরিবারের জন্য গর্বের বিষয় এটা। আশা করি, দীর্ঘ সময় ধরে এই যাত্রায় থাকতে পারব আমি। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের অধিনায়ক হতে পেরে আমি খুবই খুশি। এটা এমন কিছু, যা ব্যাখ্যা করা যায় না, যা কখনই কল্পনা করা যায় না। আমি ভাষায় বর্ণনা করতে পারব না।”

রেয়াল সোসিয়েদাদের অধিনায়ক মিকেল ওইয়ারসাবালের সঙ্গে কথা বলছেন ভিনিসিউস। ছবি: রয়টার্স

রেয়াল সোসিয়েদাদের অধিনায়ক মিকেল ওইয়ারসাবালের সঙ্গে কথা বলছেন ভিনিসিউস

এখন দারুণ এক মাইলফলকের সামনে ভিনিসিউস। লা লিগায় শনিবার রেয়াল বেতিসের বিপক্ষে লড়াইটি হবে ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে তার ৩০০তম ম্যাচ। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। তার স্বপ্ন আরও বড়।

“এত কম বয়সে রেয়াল মাদ্রিদে আসা এবং এত ম্যাচ খেলার কথা স্বপ্নেও ভাবিনি, এটা অকল্পনীয় ছিল। শিগগিরই আমি ৩০০-তে পৌঁছব, কিন্তু আমি আরও চাই। আমি ৪০০ এবং ৫০০ ম্যাচ খেলতে চাই। আশা করি, এই ক্লাবে ইতিহাস গড়তে পারব আমি।”