২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনেক ভালো খেলোয়াড়দের দল’ ইউনাইটেডকে নিয়ে সাবধানী স্লট

লিগ টেবিলের অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেডের শক্তির পরিচয় মিলছে না বলেই মনে করেন লিভারপুল কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 08:24 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

মৌসুমের মাঝপথেই শিরোপা দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে লিভারপুল। বিপরীতে একসময়ের পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড আজ যেন অতীতের কঙ্কাল, টানা বাজে পারফরম্যান্সে লিগ টেবিলে কেবলই নিচে নামছে তারা। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে তাই নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে লিভারপুল। তবে দলটির কোচ আর্না স্লট উড়িয়ে দিলেন ফেভারিট তত্ত্ব।

ইয়ুর্গেন ক্লপের রেখে যাওয়া অ্যানফিল্ডের দলটি স্লটের কোচিংয়ে যেন নতুন উদ্যমে জেগে উঠেছে। পুরো মৌসুমে এখন পর্যন্ত একটিমাত্র ম্যাচে হেরেছে তারা, সেটাও সেই সেপ্টেম্বরের মাঝামাঝি। লিগে ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে।

অন্যদিকে ইউনাইটেড লিগে গত ছয় রাউন্ডের পাঁচটিতে হেরেছে। আর্সেনালের সমান ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে হুবেন আমুরির দল। সবশেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারের পর ইউনাইটেডের নতুন কোচ আমুরি অবনমনের শঙ্কার কথাও বলেন।

সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা এই দুই দল আগামী রোববার মুখোমুখি হতে যাচ্ছে। লিভারপুলের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

ব্যস্ত সূচিতে আসছে ম্যাচে তাই দলের মূল খেলোয়াড়দের কাউকে বিশ্রাম দিবেন কি-না, এমন প্রশ্নের উত্তরে স্লট প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে তেমন কোনো সম্ভাবনা উড়িয়ে দেন।

“না, অবশ্যই না। লিগ টেবিলে তাদের অবস্থানে যেমনটা দেখাচ্ছে, তার চেয়ে অনেক ভালো খেলোয়াড় তাদের দলে আছে। খেলোয়াড়দের থেকে আমুরির সেরাটা বের করে আনতে হয়তো কিছুটা সময় লাগবে, তবে পয়েন্ট তালিকায় যা দেখাচ্ছে, তার চেয়ে অনেক ভালো দল তারা।”

আসছে ম্যাচে ডিফেন্ডার জো গোমেজকে অবশ্য পাচ্ছেন না স্লট। লিগে গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ইংলিশ ডিফেন্ডার। তবে দলটির অনুশীলনে ফিরেছেন অন্য দুই ডিফেন্ডার কনর ব্র্যাডলি ও ইব্রাহিমা কোনাতে।