Published : 02 Mar 2026, 09:27 PM
ভিয়ারেয়ালের বিপক্ষে চার গোল করে বার্সেলোনার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও দেখতে চান দলটির কোচ হান্সি ফ্লিক। তিনি মনে করছেন, একইভাবে খেলতে পারলে কাম্প নউয়ে অসম্ভবকে সম্ভব করতে পারবেন তারা।
কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে আতলেতিকোর মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায়।
প্রথম লেগে ৪-০ গোলে হারায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের সামনে অপেক্ষা করছে ভীষণ কঠিন চ্যালেঞ্জ। তবে এই পরীক্ষায় উতরে যাওয়ার আত্মবিশ্বাস ফুটে উঠল ফ্লিকের কণ্ঠে। ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে অভিজ্ঞ জার্মান কোচ জানালেন, দলের কাছে তার কী প্রত্যাশা।
“সবাই জানে আগামীকাল কী। আমরা চার গোলে পিছিয়ে আছি এবং আমাদের অসম্ভবকে সম্ভব করতে হবে। এটাই আমাদের লক্ষ্য। আমরা জানি, এটা সহজ হবে না। তবে আমরা হাল ছাড়ব না। জাল অক্ষত রাখা হবে গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশ্বাস করতে হবে যে, আমরা পারব।”
“অবশ্যই আমাদের সবসময় বিশ্বাস রাখতে হবে। মাঠে সব ভক্ত-সমর্থক আমাদের সমর্থন করবে। আমাদের সামনে ভালো উদাহরণ আছে…দুই অর্ধে আমরা দুটি করে গোল কর। আমরা জানি কাজটা কঠিন, কারণ প্রতিপক্ষ অসাধারণ দল এবং শেষ ম্যাচে তারা আমাদের খুব ভুগিয়েছে। তবে আমি মনে করি, আমরা এটা করতে পারব।”
ইউরোপীয় ফুটবলে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প আছে বার্সেলোনার। ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি। পরে ঘরের মাঠে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল তারা। সেই ম্যাচ থেকে কী অনুপ্রেরণা নিচ্ছেন ফ্লিক?
“অতীত বা ভবিষ্যৎ নিয়ে আমি ভাবি না। আমি বর্তমান নিয়ে ভাবি। আমরা ইতিহাস জানি। তবে আমাদের কাজ হলো, আগামীকাল ভালো করা। আতলেতিকোর বিপক্ষে সবশেষ ম্যাচে আমরা খুব ভালো করিনি। আমরাই নিজেদের জন্য কাজটা কঠিন করে তুলেছি। তবে আমি নিজেদের সেরা রূপটা এখানে দেখতে চাই।”
“সবসময়ই প্রথম গোল করায় বাড়তি মনোযোগ দেওয়া উচিত। আমাদের স্মার্ট হতে হবে। এর জন্য আমাদের ক্ষুধার্থ থাকতে হবে, আর আমি সেই ক্ষুধাটা দেখতে চাই। গত ম্যাচে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দলকে দেখেছি, যেখানে আমাদের খেলায় অনেক বেশি তীব্রতা ছিল। আমাদের ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে, দল হয়ে খেলতে হবে। এটাই গুরুত্বপূর্ণ।”
গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে রবের্ত লেভানদোভস্কিকে পাচ্ছে না বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ং, গাভি, এরিক গার্সিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনও নেই। তাদের অনুপস্থিতিতে বার্সেলোনার জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে। তাতে কান দিচ্ছেন না ফ্লিক।
“আমি জানি না (বার্সেলোনার জয়ের সম্ভাবনা কতটা)। আমি জানি না। আমরা ঘরের মাঠে খেলব এবং জিততে চাই। আমরা ঘরের মাঠে খেলব এবং জয়ের জন্য বেশি কিছু করতে হবে। আমরা হাল ছাড়তে চাই না এবং যে কোনো কিছুই সম্ভব।”