২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ গোলের আত্মবিশ্বাস নিয়ে ইউনাইটেডের অপেক্ষায় আর্সেনাল

দুদিন আগের গোল উৎসবের ম্যাচের পুনরাবৃত্তি দেখতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

৭ গোলের আত্মবিশ্বাস নিয়ে ইউনাইটেডের অপেক্ষায় আর্সেনাল
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 08:07 AM

Updated : 26 Aug 2026, 11:58 AM

চ্যাম্পিয়ন্স লিগে পাওয়া মোমেন্টাম ইংলিশ প্রিমিয়ার লিগে বয়ে আনতে চান আর্সেনাল। পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দলের দাপুটে পারফরম্যান্সেই সেই আশা দেখছেন মিকেল আর্তেতা। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়ে ফিরতে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী আর্সেনাল কোচ। 

আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটির মুখোমুখি হবে আর্সেনাল। এই প্রতিযোগিতায় সবশেষ দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি তারা। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারার পর ড্র করেছে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে।

ইউরোপ সেরার মঞ্চে নিজেদের সবশেষ ম্যাচে এই আর্সেনালই মেতে ওঠে গোল উৎসবে। আইন্দোহোভেনের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে জেতে ৭-১ ব্যবধানে। 

ম্যাচটি থেকে অনুপ্রেরণা নিয়ে ইউনাইটেডের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী আর্তেতা। আপাতত দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিপক্ষকে অবশ্য সমীহই করছেন তিনি। তাদের দৃঢ়তা ও ঐতিহ্যের কথা মনে করিয়ে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, যে কোনো সময়ে বিপজ্জনক হয়ে যেতে পারে ইউনাইটেড।

“ইউনাইটেডের ইতিহাসই এর পক্ষে কথা বলে। তাদের যে খেলোয়াড় আছে, তারা যে মানের ক্লাব- কঠিন পরিস্থিতি পেরিয়ে আসার ঐতিহ্য তাদের আছে এবং তারা সবসময়ই বিপজ্জনক প্রতিপক্ষ, বিশেষ করে তাদের ঘিরে প্রত্যাশা যখন সবচেয়ে কম করবেন।”

“তাদের সাম্প্রতিক ম্যাচগুলো দেখলে তাদের স্কোয়াডের দৃঢ়তা দেখতে পাবেন। নিজেদের দিনে তাদের খুব ভালো পারফরম্যান্স করার এবং যেকোনো দলকে হারানোর সামর্থ্য তাদের পুরোপুরিই আছে।”

শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে আছে আর্সেনাল। তিনে থাকা নটিংহ্যামের চেয়ে এগিয়ে আছে ৬ পয়েন্টে। 

আর্সেনালের চেয়ে ২১ পয়েন্টে পিছিয়ে ১৪ নম্বরে আছে ইউনাইটেড। হুবেন আমুরির দলের পয়েন্ট ৩৩।

ব্যবধান আরও বাড়ানোর দিকেই মনোযোগ আর্তেতার। তা করতে আইন্দহোভেন ম্যাচের পুনরাবৃত্তি দেখতে চাইলেন আর্সেনাল কোচ।

“সেখানে যা হয়েছিল, আমরা বক্সে খুবই কার্যকর ছিলাম…যে কারণে আমরা ওই ব্যবধানে ম্যাচ জিতেছি।”   

“যেভাবে আমরা ম্যাচটা জিতেছি, তা সবাইকে উজ্জ্বীবিত করেছে, তবে দুর্ভাগ্যজনকভাবে এটা এখন অতীত। আজ আমরা কী করছি, সেটাই এখন গুরুত্বপূর্ণ, কালকের জন্য প্রস্তুতি নেওয়া রোববার আবারও অসাধারণ পারফরম্যান্সের পুনরাবৃত্তির চেষ্টা করা।”

ওই ম্যাচের পুনরাবৃত্তি যে চাইলেই সম্ভব না, সেটাও মনে করিয়ে দিলেন স্প্যানিশ কোচ।

“(পিএসভির বিপক্ষে) সঠিক সময়ে সবকিছু ভালোভাবে হয়েছিল, একেবারে ঠিক সময়ে এবং ঠিকভাবে হয়েছিল। সেটাই সহায়ক হয়েছিল। তবে প্রতিটা ম্যাচই ভিন্ন।”