জানুয়ারিতে নতুন খেলোয়াড় চান না লিভারপুল কোচ
তবে দলে নতুন শক্তি যোগ করার তেমন কোনো সম্ভাবনা তৈরি হলে কাজে লাগানোর কথাও বললেন আর্না স্লট।
মৌসুমে দলের পারফরম্যান্স মোটেও আশানুরূপ নয়। বিশেষ করে রক্ষণে ভুগতে হচ্ছে বেশ। গত গ্রীষ্মে খেলোয়াড় কেনায় বিশাল অঙ্কের অর্থ খরচের পর, আক্রমণভাগেও প্রত্যাশিত সাফল্য মিলছে না। তবুও জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো খেলোয়াড় চান না লিভারপুল কোচ আর্না স্লট।
প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে খুব খারাপ অবস্থা লিভারপুলের। শীর্ষস্থান থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়া দলটি লিগে গত চার রাউন্ড ড্র করেছে।
অবশ্য সবশেষ ম্যাচে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় অ্যানফিল্ডের দলটি। এবার ঘরোয়া লিগে ঘুরে দাঁড়ানোর পালা। সেই লক্ষ্যে শনিবার তারা খেলবে বোর্নমাউথের মাঠে।
এর আগের দিন এই সময়ে নতুন খেলোয়াড় না কেনার পরিকল্পনার কথা জানান স্লট।
“আমাদের এখন যে স্কোয়াড আছে, তা নিয়েই এগিয়ে যেতে চাই। তবে তেমন কোনো সুযোগ তৈরি হলে, ক্লাব অবশ্যই সেদিকে নজর দেবে।”
বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের আগে মোহামেদ সালাহকে ফিরে পাওয়া বাড়তি আত্মবিশ্বাসও কাজ করবে লিভারপুল শিবিরে। কারণ, এই দলের বিপক্ষে তার পারফরম্যান্স দুর্দান্ত; ১২ ম্যাচে করেছেন ১২ গোল।
জাতীয় দলের হয়ে আফ্রিকান নেশন্স কাপ খেলে গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ফিরেছেন সালাহ। মার্সেইয়ের বিপক্ষে পুরোটা সময় খেলেন তিনি।
লিভারপুলের জার্সিতে ২৫০ গোল করা এই ফরোয়ার্ড ফিট আছেন বলেও জানালেন স্লট।
“মোকে যেমনটা জানি, সে খেলার জন্য প্রস্তুত থাকবে।”
প্রিমিয়ার লিগে ২২ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল।
সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে বোর্নমাউথ।
