২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারিতে এমবাপে, মাঠে থেমে গেল মরক্কোর ১৯ ম্যাচের রেকর্ড যাত্রা

মরক্কোর টানা জয়ের বিশ্বরেকর্ড অবশেষে থামল ১৯ ম্যাচে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 11:55 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

গ্যালারিতে ছিলেন একজন মহাতারকা দর্শক। খবরটি আগেই ছড়িয়ে পড়েছিল, প্রিয় বন্ধু আশরাফ হাকিমির আমন্ত্রণে মরক্কোর ম্যাচ দেখবেন কিলিয়ান এমবাপে। সেটিকেই সত্যি প্রমাণ করে হাকিমির জার্সি গায়েই খেলা দেখলেন রেয়াল মাদ্রিদের ফরাসি তারকা। তবে হাকিমিরা মাঠে প্রত্যাশা পূরণ করতে পারলেন না। থেমে গেল তাদের বিশ্বরেকর্ড জয়যাত্রা।  

আফ্রিকা কাপ অব নেশন্সে শুক্রবার মালির সঙ্গে ১-১ গোলে ড্র করে মরক্বো।

এই ড্রয়ে মরক্কোর টানা জয়ের বিশ্বরেকর্ড থামল ১৯ ম্যাচে। তবে ম্যাচ না হারায় তাদের অপরাজেয় যাত্রা পৌঁছে গেল ২২ ম্যাচে। ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর আর পরাজয়ের স্বাদ পায়নি দলটি।

রাবাতে এই ম্যাচের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মরক্কোকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াস। রেয়াল মাদ্রিদের তারকা গোল করেছিলেন আগের ম্যাচটিতেও। 

মালি সমতা ফেরায় ৬৪তম মিনিটে। ১১ ম্যাচের মধ্যে প্রথম গোল হজম করে মরক্কো। 

ম্যাচের দুটি পেনাল্টির সিদ্ধান্তই আসে ভিএআর থেকে।

ঘরের মাঠে প্রবল ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল মরক্কো। তবে এখনও তাদের সেরাটা দেখা যায়নি। প্রথম ম্যাচে কমোরোসের বিপক্ষে ২-০ গোলে জিতলেও পারফরম্যান্সে ছিল না প্রত্যাশিত ধার ও ছন্দ। এবার তো পয়েন্টই হারাতে হলো। ম্যাচ শেষে ঘরের মাঠের দর্শকেরা দুয়ো দেয় নিজেদের দলকে।।

গত বিশ্বকাপে চমক দেখিয়ে চতুর্থ হওয়া দলটি অবশ্য পয়েন্ট হারালেও গ্রুপের শীর্ষে আছে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে।

এ দিনই আরেক ম্যাচে মোহামেদ সালাহর শেষ সময়ের পেনাল্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করে মিশর।