১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

স্পেনের বিপক্ষে ইতালিকে আরও ধারাল দেখতে চান কোচ

প্রথম ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে পার পেয়ে গেলেও পরের ম্যাচে স্পেনের বিপক্ষে দলকে অনেক উন্নতি করতে হবে, বললেন ইতালি কোচ স্পালেত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 12:44 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

আলবেনিয়ার বিপক্ষে শুরুর ধাক্কা সামলে জয়ের স্বাদ মিলেছে শেষ পর্যন্ত। তবে স্পেন তো আর সেই সুযোগ দেবে না! জয়ের স্বস্তির পাশাপাশি সামনে তাকিয়ে দলকে সেই সতর্কবার্তাও দিয়ে রাখলেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি। স্পেনের বিপক্ষে দলকে আরও গোছানো ফুটবল খেলতে দেখতে চান তিনি।

ইউরোতে শনিবার আলবেনিয়ার বিপক্ষে ২৩ সেকেন্ডেই গোল হজম করে বসে ইতালি। তবে গা ঝাড়া দিয়ে উঠতে সময় বেশি লাগেনি তাদের। সেই গোল শোধ করে ১৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। পরে আর গোল হয়নি ম্যাচে। ওই ২-১ ব্যবধানেই শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় গত আসরের চ্যাম্পিয়নরা।

শুরুতে গোল হজমের পর যেভাবে দল সাড়া দিয়েছে, তাতে খুশি স্পালেত্তি। দলকে প্রাপ্য কৃতিত্বটুকু দিলেন তিনি।

“আমরা মিইয়ে গিয়েছিলাম, তবে শেষ পর্যন্ত জিতেছি। কঠিন পরিস্থিতিতেও চেষ্টা করে যাওয়া ও লড়াইয়ের যে তাড়না দল দেখিয়েছে, সেটির প্রশংসা করতেই হবে।”

তবে এই জয় আর তিন পয়েন্টে স্বস্তি পেলেও তৃপ্তি পাননি স্পালেত্তি। অনেক ঘাটতি তার চোখে পড়েছে দলের পারফরম্যান্সে। দ্বিতীয়ার্ধে তো বেশ কবারই হতাশা ফুটে উঠেছে তার শরীরী ভাষায়। পরে তা উঠে এলো তার কণ্ঠেও।

ইতালির পরের লড়াই স্পেনের বিপক্ষে, প্রথম ম্যাচে যারা ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। সেই ম্যাচে দলের উন্নতির ক্ষেত্রগুলি দেখিয়ে দিলেন ইতালি কোচ। স্পেনের শক্তির জায়গাই তাদের জন্য দুর্বলতা হয়ে উঠতে পারে বলে ধারণা তার। 

“অনেক জায়গাতেই এখনও উন্নতি করতে হবে আমাদের। যে ধরনের পরিস্থিতিতে আমরা পড়েছি এখানে, এর চেয়ে অনেক ভালো দল আমরা। আক্রমণ গড়ে তোলায় আরও ধারাল, গোছানো ও পরিপাটি হতে হবে আমাদের। একজনকে মুক্ত রাখতে হবে আমাদের এবং এরপর প্রতিপক্ষকে আঘাত করতে হবে… আজকে আমরা স্রেফ বল পায়ে রাখার ক্ষেত্রে দারুণ ছিলাম।”

“বল আরেকটু দ্রুত ছাড়তে হবে আমাদের। এই জায়গাটায় আমরা এই ম্যাচে কখনও কখনও খুব বাজে করেছি। স্পেনের বিপক্ষে বল সামনে খেলার সুযোগ হয়তো বেশি আসবে আমাদের সামনে। কারণ, প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষেত্রে ওদের আগ্রাসী হওয়ার প্রবণতা। সেক্ষেত্রে ওদের ডিফেন্সিভ লাইনের পেছনে খেলার বড় সুযোগ তৈরি হতে পারে।”