২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাপ সামলাতে জানি’, নেদারল্যান্ডস ম্যাচ সামনে রেখে বললেন কেইন

টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা দারুণ অর্জন হবে বলে সতীর্থদের উজ্জীবিত করছেন ইংলিশ অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2024, 09:29 AM

Updated : 10 Sep 2026, 12:11 PM

গত আসরে ফাইনালে টাইব্রেকারে হেরে যাওয়ার তেতো স্মৃতি সঙ্গী। আর এবারের পারফরম্যান্স নিয়ে চলছে সমালোচনা। সব মিলিয়ে ইংল্যান্ডের জন্য পরিস্থিতি স্বস্তির নয় মোটেও। তবে অধিনায়ক হ্যারি কেইন চারপাশ থেকে আসা চাপ পাত্তা দিচ্ছেন না মোটেও। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দৃঢ় কণ্ঠে বললেন, চাপ সামাল দিতে জানে ইংল্যান্ড।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার ডর্টমুন্ডে মুখোমুখি হবে দুই দল। ১৯৮৮ সালে একবারই এই প্রতিযোগিতার ফাইনালে উঠে বাজিমাত করেছিল নেদারল্যান্ডস। গত আসরে প্রথম আশা জাগিয়েছিল ইংল্যান্ড, কিন্তু ইতালির কাছে হেরে হয় স্বপ্নভঙ্গ।

এবারের ইউরোর আগে ইংল্যান্ডকে নিয়ে যতটা উচ্চাশা ছিল সমর্থকদের, কেইন-বেলিংহ্যামদের পারফরম্যান্সের বিবর্ণতায় তা ফিকে হয়ে গেছে অনেকটাই; তবে সেমি-ফাইনালে ওঠার সঙ্গে প্রত্যাশার চাপ বেড়েছে ঠিকই। 

ডাচদের বিপক্ষে সবশেষ দেখায় ৩-১ গোলে হারের তেতো স্মৃতিও ইংল্যান্ড শিবিরে উঁকি দিচ্ছে ডর্টমুন্ডের লড়াইয়ের আগে। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কেইন বললেন, সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে তাদের। 

 “আমি মনে করি, টুর্নামেন্টের আগে দলের সবাইকে প্রস্তুত করে নেওয়ার কাজগুলো ভালোভাবে সেরেছিলাম আমরা। এ ধরনের টুর্নামেন্টে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়, গণমাধ্যমের অনেক বেশি মনোযোগ থাকে, তো এগুলোর সাথে মানিয়ে নেওয়ার সঙ্গেও সবকিছু নির্ভর করে।”

“বছরের পর বছর, আমরা এগুলোর সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছি এবং এই টুর্নামেন্টেও তার ব্যতীক্রম নয়। হয়ত প্রত্যাশা এবং সমালোচনা একটু বেশি। কিন্তু আমি মনে করি, আমরা সেগুলো ভালোভাবে সামাল দিচ্ছি।”

২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়েছিল ইংল্যান্ড। ডাচদের বিপক্ষে এবারের সেমি-ফাইনালের আগে ছয় বছর আগের দলের সাথে বর্তমান দলের তুলনার প্রসঙ্গে কেইন বললেন, অতীত থেকে অভিজ্ঞতা নেওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ।

“আমি মনে করি, অতীতকে আপনি কাজে লাগাতে পারেন শুধু বাড়তি একটু সাহায্য পাওয়ার জন্য। আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ অনেকে এই দলে আছে। এ ম্যাচের যে স্নায়ুর চাপ, উত্তাপ, তা নিয়ন্ত্রণে এবং সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুত হতে আমরা সবকিছু কাজে লাগানোর চেষ্টা করব।”

“পরপর দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারলে দারুণ অর্জন হবে এবং আমাদের সামনে সেটা করার সুযোগ আছে।”