জরিমানার বিল ধরিয়ে দিতে সমর্থকদের খুঁজছে ডেনমার্ক
মাঠে আপত্তিকর ব্যানার আনার আগে সমর্থকরা যেন দ্বিতীয়বার ভাবেন, সে উপায় খুঁজে বের করেছে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন।
আপত্তিকর লেখা সংবলিত ব্যানার নিয়ে মাঠে এসেছিল ডেনিশ সমর্থকরা। এ কারণে জরিমানা গুনতে হচ্ছে ডেনমার্ককে। তবে, দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন খুঁজে ফিরছে ব্যানার নিয়ে আসা ওই সমর্থকদের, যাতে করে তাদের হাতে জরিমানার বিল ধরিয়ে দেওয়া যায়!
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে আপত্তিকর লেখা সংবলিত ব্যানার নিয়ে মাঠে এসেছিল ডেনমার্কের কিছু সমর্থক। এ কারণে দেশটির ফুটবল ফেডারেশনকে ১০ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।
সমর্থকদের কাণ্ডে জরিমানা দেওয়া ছাড়া পথ খোলা নেই ডেনমার্কের। তবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালক এরিক ব্রোগার টিভি টু স্পোর্টকে জানিয়েছেন, এই বিষয়গুলো রুখতে নতুন উপায় ভাবতে শুরু করেছে তারা।
“আমরা জরিমানা দেব, কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এখন থেকেই আমরা খোঁজ শুরু করেছি, যারা এই ব্যানার নিয়ে মাঠে এসেছিল, তাদের চিহ্নিত করতে চাই এবং তাদের হাতে জরিমানার বিল ধরিয়ে দিতে চাই।”
“যদি আমরা তাদেরকে খুঁজে বের করতে পারি, তাহলে তারা জরিমানা দিতে পারে। আমরা আশা করি, এ ধরনের ভাষা লেখা সংবলিত ব্যানার নিয়ে যারা মাঠে এসেছিল, তারা দ্বিতীয়বার ভাববে। কেননা, এটা ৭৫ হাজার ক্রোনার বিল।”
জার্মানিতে চলমান ইউরোয় তৃতীয় দল হিসেবে জরিমানা গুনছে ডেনমার্ক। এর আগে সমর্থকদের কাণ্ডে সার্বিয়া ও আলবেনিয়াকে জরিমানা দিতে হয়েছে।
