২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটবার অফসাইড, এমন অভিজ্ঞতা আগে হয়নি এমবাপের

বার্সেলোনার ‘হাই লাইন’ রক্ষণভাগের ফাঁদে পড়ে প্রথমার্ধেই ছয়বার অফসাইড হয়েছেন রেয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড, ক্যারিয়ারের প্রথম ক্লাসিকোয় তিনি হতাশ করেছেন চরমভাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 12:11 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

ম্যাচের শুরুর দিকেই একটি সুযোগ কাজে লাগাতে পারলেন না কিলিয়ান এমবাপে। পরে দেখা গেল, বল জালে পাঠালেও লাভ হতো না। তিনি অফসাইড ছিলেন। সেটি কেবলই শুরু। পরে তা হয়ে গেল ম্যাচের সবচেয়ে নিয়মিত দৃশ্য। প্রথমার্ধেই তিনি অফসাইডের শিকার হলেন ছয়বার! গোটা ক্যারিয়ারে কখনও এক ম্যাচে এতবার অফসাইডের ফাঁদে তিনি পড়েননি। দ্বিতীয়ার্ধে আরও দুবার অফসাইড হয়ে বেড়ে গেল তার হতাশার ব্যক্তিগত রেকর্ড।

এক ম্যাচে আটবার অফসাইড। বেশ কয়েকটি সুযোগ হারানো। গোল নেই একটিও। দলের বিব্রতকর পরাজয়। সব মিলিয়ে প্রথম ক্লাসিকোর অভিজ্ঞতা হয়তো ভুলে যেতেই চাইবেন এমবাপে।

অথচ বার্সেলোনার বিপক্ষে তার আগের রেকর্ড ছিল দুর্দান্ত। পিএসজির জার্সিতে চার ম্যাচে কাতালান দলটির বিপক্ষে গোল ছিল তার ছয়টি। এবারের দলবদলে ফুটবলবিশ্বে তোলপাড় তুলে তাকে প্যারিস থেকে আনা হয় মাদ্রিদে। তার কাছে প্রত্যাশা ছিল আকাশচুম্বি। কিন্তু প্রথম ক্লাসিকোয় তিনি হতাশ করেছেন চরমভাবে।

বার্সেলোনার ‘হাই লাইন’ রক্ষণ কৌশলে বারবার আটকা পড়েছেন এমবাপে। গোটা ম্যাচে ১২টি অফসাইড হয়েছে রেয়ালের, এর মধ্যে এমবাপে একাই হয়েছেন আটবার। লা লিগায় গত ১৫ মৌসুমে এক ম্যাচে কোনো ফুটবলারের যৌথভাবে সবচেয়ে বেশি অফসাইড হওয়ার নজির এটি। 

প্রথমার্ধে একবার জালে বল পাঠিয়ে নজরকাড়া উদযাপনেও মেতে উঠেছিলেন এমবাপে। কিন্তু সেটিও শেষ পর্যন্ত গোল হয়নি অফসাইডের খাড়ায়। দ্বিতীয়ার্ধেও জালে বল পাঠিয়ে আবার অফসাইডের কারণে পাননি গোল। 

অফসাইডগুলো ছাড়াও কিছু সুযোগ তিনি পেয়েছেন। কিন্তু কাজে লাগাতে পারেননি কোনোটিই। সব মিলিয়ে ম্যাচ থেকে তার প্রাপ্তি শূন্য। 

আলোচিত দলবদলের পর রেয়ালের জার্সিতে এখনও এমবাপের সেরাটা দেখা যায়নি। একদমই যে ভালো করছেন না, এমন নয় অবশ্যই। লিগে ছয় গোল করেছেন এখনও পর্যন্ত। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ৮টি। তবে তার মানের একজন ফুটবলারের কাছ থেকে তো দলের প্রত্যাশা আরও বেশি।

বিশেষ করে, ক্লাসিকো বা এই ধরনের বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার জন্যই তো তাকে দলে এনেছে রেয়াল! কিন্তু প্রথম বড় পরীক্ষায় তিনি ব্যর্থ পুরোপুরি।

ম্যাচের পর রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিও হতাশা প্রকাশ করলেন এমবাপের পারফরম্যান্সে।

“তার (এমবাপের) পজিশন নিয়ে আমরা একটু ঝুঁকিই নিয়েছিলাম। জানতাম যে তারা (বার্সেলোনা) ‘হাই লাইন’ রক্ষণ সাজিয়ে খেলছে, কিন্তু বারবার সামান্য একটুর জন্য আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। এছাড়াও সে আরও তিন-চারটি সুযোগ পেয়েছিল। কিন্তু আমাদের যখন একটু বেশি প্রয়োজন কাজে লাগানোর, সে তা পারেনি।” 

৪-০ গোলের এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও সংহত করেছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে এমবাপেরা।