২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আলিসনের আশা, লিভারপুলেই থাকবেন সালাহ

মিশরের এই স্ট্রাইকারও অবশ্য থাকতে চান অ্যানফিল্ডে, তাই সবকিছু হয়তো নির্ভর করছে ক্লাব কর্মকর্তাদের ওপর।

আলিসনের আশা, লিভারপুলেই থাকবেন সালাহ
মোহামেদ সালাহ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2024, 08:09 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

সময় যত গড়াচ্ছে, লিভারপুলে মোহামেদ সালাহর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ততই বাড়ছে। ক্লাবটির গোলরক্ষক আলিসন অবশ্য আশাবাদী, চুক্তি নবায়ন করে অ্যানফিল্ডে থেকে যাবেন মিশরের তারকা স্ট্রাইকার।

সাম্প্রতিক সময়ে সালাহর বিভিন্ন মন্তব্যে অবশ্য পরিষ্কার হয়েছে যে, তিনিও থাকতে চান প্রিয় এই ঠিকানায়। কিন্তু ক্লাবের পক্ষ থেকে কোনো প্রস্তাব পাননি তিনি। এতে হতাশাও প্রকাশ করেছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।

বর্তমান চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমেই শেষ হবে লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তির মেয়াদ। ২০২৫ এর জুনে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। কিছুদিন আগে হতাশাভরা কণ্ঠে সালাহ বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে তার এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে জিরোনার বিপক্ষে ১-০ গোলে জয়ের পর সালাহর ভবিষ্যৎ প্রসঙ্গে নিজের অভিমত জানান আলিসন। আশা প্রকাশ করেন, আগামী মৌসুমেও তারা এখানে একসঙ্গে খেলবেন।

“আমরা সবাই তার চুক্তি নবায়ন দেখতে চাই, তাকে এখানে দেখতে চাই। আমি আমার ক্লাবের সেরাটা চাই, তার জন্যও সেরাটা চাই।” 

রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়ে দ্রুতই দলটির শুরুর একাদশে জায়গা পাকা করেন সালাহ, হয়ে ওঠেন এখানে সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। 

নতুন কোচ আর্না স্লটের হাত ধরেও একই ছন্দে এগিয়ে চলেছেন সালাহ। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝেই দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২২ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২টি।

ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনেরও বিশ্বাস, আশপাশের গুঞ্জন সালাহর ওপর কোনো প্রভাব ফেলে না, ফেলছেও না।

“সে খুব শান্ত আছে। মনে হচ্ছে না, এই পরিস্থিতি তার ওপর কোনো প্রভাব ফেলছে। মানসিকভাবে লক্ষ্যের দিকে সে অবিচল।”

লিভারপুলের সবশেষ ম্যাচেও জয়ের কারিগর সালাহ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তার সফল স্পট কিকেই জিরোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে লিভারপুল।

ইউরোপ সেরার মঞ্চে ৬ ম্যাচ খেলে সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগেও শীর্ষে আছে তারা, সেখানে ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫।