২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোনালদোর বিপক্ষে খেলাটা আনন্দের, তবে ভয় পাই না’

রোনালদো ও পর্তুগালের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখাতে চায় প্রথমবার বড় টুর্নামেন্টে খেলতে আসা জর্জিয়া।

‘রোনালদোর বিপক্ষে খেলাটা আনন্দের, তবে ভয় পাই না’
ক্রিস্তিয়ানো রোনালদোর বিপক্ষে খেলে স্বপ্ন পূরণের অপেক্ষায় খিচা কোয়ারাস্কেলিয়া (মাঝে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 10:15 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

মাঠে কিংবা বাইরে, মাঝেমধ্যেই ক্রিস্তিয়ানো রোনালদোর আইকনিক ‘SIUUUUUU’ উদযাপনে মেতে উঠতে দেখা যায় খিচা কোয়ারাস্কেলিয়াকে। এতেই পরিষ্কার, পর্তুগিজ মহাতারকা এই তরুণের কতটা পছন্দের। জর্জিয়ার উইঙ্গার নিজেও বললেন সেটা। ফুটবলের আঙিনায় রোনালদোর মুখোমুখি হতে অধীর হয়ে অপেক্ষায় আছেন তিনি। একই অবস্থা তার সতীর্থ জুরিকো দাবিতাশভিলিরও। তবে এই অ্যাটাকিং মিডফিল্ডার স্পষ্ট বলে দিলেন, ইউরোয় টিকে থাকার লড়াইয়ে রোনালদো ও তার দল পর্তুগালের মুখোমুখি হতে একটুও ভয় পান না তারা। 

চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে ‘এফ’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় উঠেছে ২০১৬ আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। ৩ পয়েন্ট নিয়ে তুরস্ক আছে দুইয়ে। ১ পয়েন্ট করে নিয়ে চেক প্রজাতন্ত্র তিনে ও জর্জিয়া সবার নিচে আছে। 

গ্রুপের শেষ রাউন্ডে আগামী বুধবার পর্তুগালের মুখোমুখি হবে জর্জিয়া। নকআউটে যেতে হলে সাবেক চ্যাম্পিয়নদের হারাতেই হবে তাদের, একই সঙ্গে পক্ষে আসতে হবে অন্য ম্যাচের ফলও। প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টে খেলতে আসা জর্জিয়ার জন্য কাজটা যে খুব কঠিন হবে, তা বলার অপেক্ষা রাখে না। 

আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার রোনালদোর বিপক্ষে খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত হলেও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন নাপোলির ২৩ বছর বয়সী উইঙ্গার কোয়ারাস্কেলিয়া। 

“তিনি আমার কাছে আদর্শ। তাকে মাঠে দেখে আমি খুশি হই। এটা (তার মুখোমুখি হওয়া) একটি স্বপ্ন ছিল আমার। দেখা যাক, ম্যাচে কী হয়।”

পর্তুগালের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় আরেক তরুণ দাবিতাশভিলির কণ্ঠেও।

“তার (রোনালদো) মুখোমুখি হওয়াটা আনন্দের, কিন্তু আমি ভয় পাই না। আমি অপেক্ষায় আছি এবং আমরা দেখাতে চাই যে, এই মানের দলের বিপক্ষে আমরা ভালো খেলতে পারি।”

এই ম্যাচে ৩৯ বছর বয়সী রোনালদোকে বিশ্রামও দিতে পারেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। তবে কোয়ারাস্কেলিয়ার আশা, ম্যাচের কোনো একটা সময়ে মাঠে নামবেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ম্যাচ শেষে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে জার্সি বদলের সুযোগটা নিতে চান তিনি।