২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ গোলের লড়াইয়ে ইন্টারকে রুখেও ইউভেন্তুসকে শিরোপা লড়াইয়ে দেখছেন না কোচ

এবারের সেরি আয় প্রথম ৯ রাউন্ডে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকলেও পা মাটিতেই রাখছেন ইউভেন্তুস কোচ থিয়াগো মোত্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 06:30 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

দ্বিতীয়ার্ধে যখন বদলি নামেন কেনান ইয়ুলদুজ, তখনও ৪-২ গোলে পিছিয়ে দল। তবে ১১ মিনিটের মধ্যে তরুণ এই ফরোয়ার্ডের দুই গোলে ইন্টার মিলানের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্তুস। এতে সেরি আয় প্রথম ৯ রাউন্ডে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকলেও পা মাটিতেই রাখছেন থিয়াগো মোত্তা। এখনই নিজেদের শিরোপা লড়াইয়ে দেখছেন না ইউভেন্তুস কোচ।

সান সিরোয় রোববার রাতে উত্তাপ ছড়ানো ম্যাচটি ড্র হয় ৪-৪ গোলে। সেরি আয় এই দুই দলের লড়াইয়ে প্রথমবারের মতো ৫ গোল হয় প্রথমার্ধে। 

৬২তম মিনিটে বদলি নামেন ইয়ুলদুজ, তুর্কির ১৯ বছর বয়সী ফুটবলার ৭১ ও ৮২তম মিনিটে গোল করে উদ্ধার করেন দলকে।

৯ ম্যাচে ৪ জয় ও ৫ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউভেন্তুস। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন ইন্টার। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। 

খুব গুরুত্বপূর্ণ ম্যাচে এক পয়েন্ট পাওয়ার পর ডিএজেডএনকে ইউভেন্তুস কোচ বলেন, শিরোপা লড়াই থেকে এখনও অনেক দূরে আছেন তারা।

“এই মুহূর্তে নয়। লিগের ফেভারিটদের একটির বিপক্ষে আমরা বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছি। এই মুহূর্তে তারা এগিয়ে আছে এবং শিরোপার জন্য শেষ দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম তারা। যদিও আজকের পারফরম্যান্স ভালো ছিল, তবে আমাদের পা মাটিতেই রাখতে হবে।”

“আমাদের পথে এগিয়ে যাব আমরা, আমাদের প্রক্রিয়ায় অটল থাকব। সময় এলে আমরা কী করতে পারি, তা দেখতে পাব।”