২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামালের গোল উদযাপনের সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না ফ্লিক

‘আমার দল নিয়ে অন্যরা কী বলে, তাতে আমার কিছু যায় আসে না’, বাইরের সমালোচনা প্রসঙ্গে বললেন বার্সেলোনা কোচ।

ইয়ামালের গোল উদযাপনের সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না ফ্লিক
লামিনে ইয়ামালের নতুন উদযাপন। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 07:24 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

লা লিগায় মায়োর্কার বিপক্ষে গোল করার পর নিজেকে মুকুট পরানোর মতো উদযাপন করে সমালোচনার মুখে পড়েছেন লামিনে ইয়ামাল। এর জবাবে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সাফ কথা, এসবকে বিন্দুমাত্র পাত্তা দেন না তিনি।

গত শনিবার মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে বার্সেলোনা। দলের প্রথম দুটি গোলে ভূমিকা রাখা ইয়ামাল জালের দেখা পান যোগ করা সময়ে। এরপর সতীর্থদের সঙ্গে উদযাপন তো ছিলই, পরে দুই হাত মাথার ওপরে নিয়ে নিজেকে মুকুট পরানোর মতো করেন ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার, যেন বোঝাতে চাইছেন তিনি ‘রাজা।’ প্রাক-মৌসুম প্রস্তুতির এশিয়া সফরেও দেখা গেছে তার এই উদযাপন।

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইয়ামাল এই মৌসুমে পেয়েছেন ক্লাবের আইকনিক ১০ নম্বর জার্সি। গত মাসে জন্মদিনের অনুষ্ঠানে একদল বামন মানুষকে বিনোদনের জন্য ভাড়া করেও বিতর্কের জন্ম দেন তিনি। এই ঘটনায় স্প্যানিশ প্রতিবন্ধী অধিকার গোষ্ঠী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়।

লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ইয়ামালকে ঘিরে বাইরের সমালোচনায় একটুও বিচলিত নন তিনি।

“আমার দল নিয়ে অন্যরা কী বলে, তাতে আমার কিছু যায় আসে না। লামিনের বয়স মাত্র ১৮ বছর, কিন্তু সে চমৎকার একজন ফুটবলার। তাকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করব আমি। এখানে আমি যেমন দেখতে পাচ্ছি, তার আচরণ খুবই ভালো।”