২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে ফিরছেন সুনিল ছেত্রি

গত বছরের জুনে অবসরে যাওয়া ভারতের এই তারকা ফরোয়ার্ড বাংলাদেশ ও মালদ্বীপের বিপক্ষে খেলবেন বলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে জানিয়েছে।

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে ফিরছেন সুনিল ছেত্রি
আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সুনিল ছেত্রি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 10:39 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

প্রতিপক্ষের আক্রমণভাগে সুনিল ছেত্রির মতো গোলমেশিনের অনুপস্থিতি যে কোনো দলের জন্যই স্বস্তির। এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সে স্বস্তি ছিল বাংলাদেশ দলেও। কিন্তু তা উবে যাওয়ার খবর এসেছে। অবসর ভেঙে ফিরছেন ছেত্রি।

ভারতীয় গণমাধ্যমের বৃহস্পতিবারের খবর, বাংলাদেশ ও মালদ্বীপের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরছেন ছেত্রি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে নিশ্চিত করেছে ছেত্রির ফেরা। গত বছরের জুনে বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল পর্ব চুকিয়ে দেন ৪০ বছর বয়সী এই তারকা।

ভারতের সর্বোচ্চ গোলদাতা ছেত্রি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন চতুর্থ স্থানে, ৯৪ গোল নিয়ে। তালিকায় তার ওপরে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলি দাই।

ক্লাব ফুটবল অবশ্য আগের মতোই চালিয়ে যাচ্ছেন ছেত্রি। বেঙ্গালুরু এফসির হয়ে ইন্ডিয়ান সুপার লিগে এই মৌসুমে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি।

অবসরের ঘোষণায় ছেত্রি বলেছিলেন, বুটজোড়া তুলে রাখার কারণ বয়স বা শরীর নয়। মানসিক কারণে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন তিনি।

“অবসরের সিদ্ধান্ত শারীরিক কারণে নয়, আমি এখনও ফিট। দৌড়াচ্ছি, তাড়া করতে পারি, ডিফেন্ড করতে পারি, কঠোর পরিশ্রম আমার জন্য কঠিন নয়, মানসিক কারণে অবসর নিচ্ছি।”

সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকার আক্রমণভাগে ছেত্রির শূন্যতা নিয়ে কথা বলেছিলেন ভারতের আরেক সাবেক তারকা বাইচুং ভুটিয়া। তিনি বলেছিলেন, বর্তমান দলের স্ট্রাইকার ও মিডফিল্ডাররা ধারাবাহিক নন। ছেত্রির পর ভারতের ফুটবলকে এগিয়ে নেওয়ার মতো তেমন কাউকে না দেখার কথাও তিনি বলেন আক্ষেপের সুরে।

ছেত্রিকে রেখে শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছেন ভারত কোচ মানোলো মার্কেস। 

নিজেদের মাঠে সবশেষ দেখায় বাংলাদেশকে হারাতে পারেনি ভারত। ২০১৯ সালে সল্ট লেকে বিশ্বকাপ বাছাইয়ের দুই দলের ম্যাচটি হয়েছিল ১-১ ড্র। সবশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপে; রাউন্ড রবিন লিগের দেখায় সেই ম্যাচটিও ড্র হয়েছিল একই ব্যবধানে।