২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 08 Jun 2026, 08:15 AM
আর ৩ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ থাকছে এক ব্রাজিলিয়ানের কথা- যিনি বাঁকানো ফ্রি কিক, দূরপাল্লার শট, লম্বা ও নিখুঁত পাস, দারুণ ড্রিবলিংয়ের জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন, তার নাম রিভেলিনো।
বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচটি গোল করেছিলেন রিভেলিনো, যে রেকর্ড এখনও টিকে আছে। উরুগুয়ের দিয়েগো ফোরলান, জার্মানির লোথার মাথাউস ও আর্জেন্টিনার লিওনেল মেসি করেছেন দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে।
‘দি অ্যাটোমিক কিক’ নামে খ্যাত রিভেলিনো ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে দূরপাল্লার শটে গোল করেছিলেন। চার বছর পর, ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে জায়ার, পূর্ব জার্মানি ও আর্জেন্টিনার বিপক্ষেও দূর থেকে গোল করেন তিনি।
বিশ্বকাপে গোঁফওয়ালা এই মিডফিল্ডারের অন্য গোলটি আসে পেরুর বিপক্ষে, ১৯৭০ আসরে। সেটাও ডি-বক্সের কয়েক ইঞ্চি ভেতর থেকে, বুটের পাশ দিয়ে শটে চমৎকার গোলটি করেন তিনি।
বিশ্বকাপে ওপেন-প্লেতে ডি-বক্সের বাইরে থেকে দুই পায়েই গোল করার অনন্য কীর্তি মাথাউসের। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে যুগোস্লাভিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে গোল দুটি করেছিলেন এই গ্রেট মিডফিল্ডার।