Published : 29 Aug 2025, 07:53 PM
“প্রায়ই আমি কেবল শূন্যস্থান পূরণ করি। কেউ একজন নেই? ওখানে রদ্রিগোকে খেলাও। ডান দিকে কেউ নেই? রদ্রিগো। ৯ নম্বরে খেলার মতো কেউ নেই? রদ্রিগো। এমনই হয়। এতে আমি কিছুটা বিরক্ত, কিন্তু আমি একজন টিম প্লেয়ার,” এক সাক্ষাৎকারে এভাবেই নিজের হতাশার কথা বলেছিলেন রদ্রিগো। মাঝে অনেক জল ঘোলা হলেও অবশেষে নিজের পছন্দের জায়গায় খেলার সুযোগ পেতে পারেন এই তরুণ ব্রাজিলিয়ান। রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো আভাস দিয়েছেন, রদ্রিগোকে লেফট উইংয়ে খেলাতে পারেন তিনি।
আক্রমণভাগে যে কোনো পজিশনে খেলতে পারেন রদ্রিগো। ২০১৯ সালে রেয়ালে যোগ দেওয়ার পর কখনও লেফট উইং, কখনও রাইট উইংয়ে খেলেছেন তিনি। ২৪ বছর বয়সী তরুণ স্ট্রাইকার এমনকি ১০ নম্বর হিসেবেও খেলেছেন কখনও কখনও।
লা লিগায় রেয়ালের প্রথম ম্যাচের পুরোটাই বেঞ্চে ছিলেন রদ্রিগো। পরের ম্যাচে রেয়াল ওবিয়েদোর বিপক্ষে খেলেন শুরু থেকেই, প্রিয় লেফট উইংয়ে। আলোন্সোও মনে করেন, এই পজিশনে ভালো করবেন রদ্রিগো।
“বিভিন্ন পজিশনে সে নিজের সেরা পারফরম্যান্স করেছে। সে নাম্বার নাইন হিসেবে খেলেছে, এমনকি নাম্বার টেন হিসেবেও। তবে আমি মনে করি লেফট উইং তার জন্য খুব ভালো পজিশন।”
আগামী শনিবার মায়োর্কার বিপক্ষে খেলবে রেয়াল। এই ম্যাচে কি লেফট উইংয়ে খেলবেন রদ্রিগো? এবার কৌশলী আলোন্সো।
“তাকে আমি শুরুর একাদশে রাখব নাকি লেফট উইংয়ে খেলাব- এ নিয়ে আমি কী করতে যাচ্ছি, সেটা এখানে বলে দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে না।”
আলোন্সোর শুরুর একাদশের দিকে আলাদা নজর থাকবেই। আগের ম্যাচে রদ্রিগোকে লেফট উইংয়ে খেলানোয় যে শুরুর একাদশে ছিলেন না ভিনিসিউস জুনিয়র। দ্বিতীয়ার্ধে বদলি নামার পর একটি গোলে অবদান রাখার পাশাপাশি নিজেও জালের দেখা পান তিনি।
ভিনিসিউস মানের একজনকে বেঞ্চে রাখলে এর প্রভাব পড়তেই পারে ড্রেসিং রুমে। রেয়ালের ক্ষেত্রেও কি সেটা ঘটেছে? উত্তরে ইউরোপের সফলতম দলটির পেশাদারিত্বের কথা বললেন রেয়াল কোচ।
“ড্রেসিং রুমে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবাই অবদান রাখতে চায়, সেটা মাঠে কিংবা বাইরে। আমি এই মৌলিক ভাবনায় বিশ্বাস করি। আর এখানে, সবাই সেটা করে।”
“আমি ভিনিকে নিয়ে খুশি। ওবিয়েদোর বিপক্ষে দেখিয়েছে, সে বেঞ্চ থেকে এসেও বড় প্রভাব রাখতে পারে। আমরা কেবলই শুরু করেছি… সে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।”