২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডার্বির জন‍্য টাইব্রেকার অনুশীলন করেছে রেয়াল? যা বললেন আনচেলত্তি

রেয়াল মাদ্রিদ কোচ মনে করনে, অনুশীলনের সময় ম‍্যাচের আবহ, সেই সময়ের মানসিক অবস্থা আনা সম্ভব নয়।

ডার্বির জন‍্য টাইব্রেকার অনুশীলন করেছে রেয়াল? যা বললেন আনচেলত্তি
সংবাদ সম্মেলনে রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 12:01 AM

Updated : 26 Aug 2026, 12:00 PM

ব‍্যবধান মোটে এক গোলের। মাদ্রিদ ডার্বির লড়াই যেতেই পারে টাইব্রেকারে। এর জন‍্য কি আলাদা কোনো প্রস্তুতি নিয়েছে রেয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার জন‍্য পেনাল্টি শুটআউটের চর্চা করেছে? উত্তরে রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, তিনি মনে করেন না টাইব্রেকারের সময়কার ম‍্যাচের আবহ অনুশীলনে আনা সম্ভব।

চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল। প্রথম দেখায় ২-১ গোলে জিতে কিছুটা এগিয়ে আছে শিরোপাধারী রেয়াল। 

প্রায় সম শক্তির দুই দলের লড়াইয়ে জিতে ইউরোপ সেরার মঞ্চে অগ্রযাত্রা ধরে রাখার ব‍্যাপারে আশাবাদী আনচেলত্তি। ম‍্যাচের আগের দিন রেয়াল কোচ বললেন, ছোট কিছু গড়ে দিতে পারে ব‍্যবধান। 

“আমার যত দূর মনে পড়ে, আমরা যত ম‍্যাচ খেলেছি এর সবই ছিল সমানে-সমান ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ । আগামীকালও (বুধবার) ঠিক সেটাই হতে যাচ্ছে। সম শক্তির দল, পার্থক‍্য গড়ে দেবে ছোট কিছু। সেটাই সব সময় ঘটেছে, এবারও সেটাই ঘটবে।” 

ম‍্যাচ তো গড়াতেই পারে টাইব্রেকারে। সেটার জন‍্য কি প্রস্তুতি নিয়েছে রেয়াল? আনচেলত্তি পাল্টা জানতে চাইলেন, ম‍্যাচের সময়ের ওই আবহ কি অনুশীলনে আনা সম্ভব?

“আমাদের লক্ষ‍্য পরিষ্কার, প্রতিপক্ষ যে-ই হোক আমরা কোয়ার্টার-ফাইনালে খেলতে চাই। টাইব্রেকারের অনুশীলন করা কঠিন। ম‍্যাচের সময়ের ওই আবহ, ওই সময়ের মানসিক পরিস্থিতি নিয়ে আসা সম্ভব? আপাতত এই ব‍্যাপার নিয়ে ভাবছি না আমরা। এই মুহূর্তে আমরা ম‍্যাচটা ঠিকঠাক খেলার দিকে মনোযোগ দিচ্ছি।”

পরে আরেক প্রশ্নের জবাবে টাইব্রেকার নিয়ে নিজের ভাবনা আরেকটু বিস্তারিত বললেন আনচেলত্তি।

“পেনাল্টি শুটআউট চর্চার সময় দেখতে পারবেন কোন খেলোয়াড় ভালো শট নিচ্ছে। সে কি বেশি নিখুঁত, সে গোলরক্ষকের দিকে তাকাচ্ছে নাকি তাকাচ্ছে না। আমরা যখন তালিকা তৈরি করি, তখন আমরা মানসিক দিকটা বিবেচনা করি না।” 

“আমার এমন খেলোয়াড় ছিল যারা খুব ভালো শট নিতে পারত, কিন্তু ট্রাইবেকারে শট নেওয়ার আত্মবিশ্বাস তাদের ছিল না। যদি শুটআউটের জন‍্য আমাকে বাছাই করতেই হয়, টেকিনক‍্যাল দিকের চেয়ে মানসিক দিক বেশি গুরুত্ব পাবে। সের্জিনিয়ো, নেস্তার মতো পেনাল্টিতে গোল করতে পারে এমন ডিফেন্ডারদের নিয়ে আমি চ‍্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছি।”