‘সঠিক পথে’ ছুটছে ব্রাজিল, আত্মবিশ্বাস বাড়ছে আনচেলত্তির
খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের মানসিকতা, দলের আবহ ও কাঠামো আশা দেখাচ্ছে অভিজ্ঞ ইতালিয়ান কোচকে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের চমৎকার পারফরম্যান্স এবং দারুণ জয়ে তৃপ্ত কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচে অনেক প্রাপ্তি দেখছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ। চূড়ান্ত পর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাফল্যের প্রশ্নে দারুণ সম্ভাবনাও দেখছেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে ৩-১ গোলে জিতেছে ব্রাজিল।
এবারের আন্তর্জাতিক বিরতিতে আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হেরেছিল তারা। আনচেলত্তির কোচিংয়ে এখনও কোনো উইন্ডোতে টানা দুটি জয় পায়নি ব্রাজিল। তবে দলকে কক্ষপথেই দেখছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
“আমি খুশি, অনুপ্রাণিত, আত্মবিশ্বাসী এবং শান্ত। কারণ, আমি মনে করি, আমাদের দলের একটি ভালো কাঠামো আছে। আমাদের দলের আবহ ভালো এবং আমরা কঠোর পরিশ্রম করি।”
“জাতীয় দলের হয়ে জয় সবসময়ই বিশেষ কিছু। যখন আমরা হারি, সেটা সবসময়ই বেদনাদায়ক। এটা গুরুত্বপূর্ণ এক জয়। আমি মনে করি, দল খুব ভালো খেলেছে, খুব দৃঢ়তা ও তীব্রতার সঙ্গে খেলেছে। এটাই ছিল পরিকল্পনা। অবশ্যই এখনও কিছু জায়গা আছে, যেখানে আমাদের উন্নতি করতে হবে। তবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর যেমন বলেছিলাম, আমরা সঠিক পথে আছি।”
