উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 29 May 2026, 10:53 AM
গোলটি ১১ সেকেন্ডে নাকি ১৩-১৪ সেকেন্ডে, তা নিয়ে শুরুতে একমত হতে পারলেন না পিটার জেমস বাটলার। সংবাদ সম্মেলনে এসে বললেন, তার মনে হচ্ছে ১১ সেকেন্ডে নয়। এ নিয়ে কথা যখন বাড়তে লাগল, তিনি মেনে নিলেন গণমাধ্যমকর্মীদের দাবি! এরপর আনিকা রানিয়া সিদ্দিকীর গোলটি নিয়ে যা বললেন, তাতে বিস্ময় ছড়িয়ে পড়ল সবার মধ্যে। বাংলাদেশ কোচ বললেন, ওই গোল দলের কোনো কাজেই আসেনি!
বাটলারের এমনটা মনে হওয়ার কারণ, জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে আনিকার ওই গোলের পর আক্রমণভাগের বাকিরা হন্যে হয়ে পড়েন জালের দেখা পেতে। যে কাজটি তিনি করতে মানা করেছিলেন ম্যাচের আগের দিনই।
আনিকা দলকে এগিয়ে নেওয়ার পর ঋতুপর্ণা চাকমা দূরপাল্লার শটে চেষ্টা করতে থাকেন, শামসুন্নাহার জুনিয়রও এলোমেলো শটে বাড়াতে থাকেন হতাশা। মারিয়া মান্দা এবং পরে নামা ফরোয়ার্ড তহুরা খাতুনের মতো অভিজ্ঞরাও ফিনিশিংয়ে হয়ে উঠতে পারছিলেন না কার্যকর। শেষ দিকে তরুণ ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি ও ডিফেন্ডার কোহাতি কিসকুর গোলে জিতে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করে বাংলাদেশ।
ভারতের গোয়ায় বৃহস্পতিবার মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে প্রাথমিক লক্ষ্য পূরণ হলেও বাংলাদেশের কাজ এখনও বাকি। গ্রুপ সেরা হতে হলে স্বাগতিক ভারতের বিপক্ষে জয়ের বিকল্প কোনো পথ খোলা নেই দলের সামনে। আগামী রোববার সেই চ্যালেঞ্জ নিতে চাওয়ার কথা জানাতে গিয়ে বাটলার দলকে বার্তাও দিয়ে রাখলেন।
“না, আমার মনে হয়, এটি (আনিকার গোলটি) আমাদের মোটেও কোনো উপকার করেনি। আমার মনে হয়, ওই গোলের পর হঠাৎ করেই সবাই ভাবতে শুরু করেছিল যে আমরা ১০, ১১ বা ১২ গোল করতে যাচ্ছি, কিন্তু আমি খুব ভালো করেই জানতাম যে, ম্যাচটি তেমন হবে না। কেননা তাদের গোলকিপার ভারতের বিপক্ষে আগের রাতের চেয়ে সম্পূর্ণ আলাদা ফর্মে ছিল। সে তাদের জন্য খুব ভালো করেছে।”
“তবে এটা ফুটবল, এখানে আপনাকে ভালো-মন্দ দুটোই মেনে নিতে হবে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। অন্য একটি দল তাদের ১০-১১ গোলে হারিয়েছে বলে, আমরাও সেটা করতে পারব, তা নয়। তবে আমি বিষয়টি এড়িয়ে যাব না। এগুলোর সবই হেড-টু-হেডের পরিসংখ্যানের হিসাবের ওপর নির্ভর করে। এখন আমাদের সামনে একটি দারুণ সুযোগ রয়েছে এবং আমরা ভারতের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জটি গ্রহণ করতে উন্মুখ হয়ে আছি।”
ভারত ম্যাচের আগেই মালদ্বীপ ম্যাচের পারফরম্যান্সের বিশ্লেষণে বসবেন বাটলার। দলে যোগ দেওয়া ভিডিও এনালিস্ট মেহেদী হাসান সিদ্দিক তুলে ধরবেন তার বিশ্লেষণ। সে অনুযায়ী হবে পরের ম্যাচের ছক। বাংলাদেশ কোচ আশাবাদী, ভারত ম্যাচে ভিন্ন এক দলকেই দেখা যাবে।
“আমার মনে হয় না, এই ম্যাচে মেয়েদের কোনো কিছুর ঘাটতি ছিল। তাদের কেবল একটু মনোযোগের অভাব ছিল। তাই পাল্টা আক্রমণে দুটি গোল হজম করতে হয়েছে। পুরো ম্যাচে মালদ্বীপ মাত্র দুটি আক্রমণ করেছিল। মাত্র দুটি আক্রমণ। সেখানে আমরা প্রায় ৪০ থেকে ৫০টি আক্রমণ করেছি।”
“এখন আমি এ ম্যাচের বিশ্লেষণ করব। এখন আমাদের সাথে ভিডিও অ্যানালিস্ট আছে। আমি আপনাদের নিশ্চিত করতে পারি, ভারতের বিরুদ্ধে ম্যাচটি আজ রাতের ম্যাচের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে।”