২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা একাদশে নেই মনিকা, শামসুন্নাহার ও সুরমা, শোকস্তব্ধ শিউলিও বেঞ্চে

আগের দিন মা হারানো ডিফেন্ডার শিউলি আজিমকে নেপালের বিপক্ষে সেমি-ফাইনালে শুরুর একাদশে রাখেননি পিটার জেমস বাটলার।

সেরা একাদশে নেই মনিকা, শামসুন্নাহার ও সুরমা, শোকস্তব্ধ শিউলিও বেঞ্চে
মনিকা চাকমা। ছবি: বাফুফে

বিডিনিউজ২৪

মোহাম্মদ জুবায়ের, গোয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 03:45 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

তিনটি পরিবর্তন এনে নেপালের বিপক্ষে সেমি-ফাইনালের শুরুর একাদশ সাজিয়েছেন পিটার জেমস বাটলার। শুরু থেকে খেলার সুযোগ মেলেনি মনিকা চাকমা, সুরমা জান্নাত ও শামসুন্নাহার জুনিয়রের।

এই তিন জনের বদলে সুযোগ পাচ্ছেন- আফঈদা খন্দকার, উমহেলা মারমা ও সুরভি আকন্দ প্রীতি। ভারতের গোয়ায়, বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪টায় নেপালের মুখোমুখি হবে বাটলারের দল।

সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে চোট কাটিয়ে ফেরা মনিকার পারফরম্যান্স নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন বাংলাদেশ কোচ বাটলার। অনুমিতভাবেই, মাঝমাঠে জায়গা হারিয়েছেন দুটি উইমেন’স সাফ জয়ী এই মিডফিল্ডার। তার বদলে উমহেলার সাথে মাঝমাঠ দখলের ভার উঠেছে অধিনায়ক মারিয়া মান্দার কাঁধে।

উইংয়ে মালদ্বীপ ও ভারত ম্যাচে আলো ছড়াতে পারেননি ঋতুপর্ণ চাকমা ও শামসুন্নাহার জুনিয়র। দুজনের মধ্যে টিকে গেছেন ঋতুপর্ণা। শামসুন্নাহারের জায়গায় সুযোগ পেয়েছেন মালদ্বীপ ম্যাচে একবার জালের দেখা পাওয়া সুরভি আকন্দ প্রীতি।

সবশেষ ভারত ম্যাচে খেলা সুযোগ না পাওয়া আফঈদাকে রেখে সেরা একাদশ দিয়েছেন বাটলার। তাতে কপাল পুড়েছে সুরভি জান্নাতের। ভারত ম্যাচে রক্ষণে তালগোল পাকালেও টিকে গেছেন কোহাতি কিসকু।

নেপাল ম্যাচের আগের দিন মা হারানো শিউল আজিমকেও সেরা একাদশে রাখেননি বাটলার। দুটি সাফ জয়ী এই অভিজ্ঞ ডিফেন্ডার গ্রুপ পর্বের দুই ম্যাচে খেলার সুযোগ পাননি। এই ম্যাচে তাকে বেঞ্চে রেখেছেন বাটলার।

২০২২ ও ২০২৪ সালের দুই আসরের ফাইনালে নেপালকে তাদের মাঠে যথাক্রমে ৩-১ ও ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার দুই দলের দেখা হচ্ছে সেমি-ফাইনালে।

গত সাত আসরে ছয়বার ফাইনাল খেলা নেপাল এখনও পায়নি শিরোপার স্বাদ।