Published : 30 Mar 2026, 06:43 PM
মৌসুম শেষে মোহামেদ সালাহর লিভারপুল ছাড়ার বিষয়টি এখন পাকা। তবে পরবর্তী গন্তব্য এখনও অজানা। তার মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি দেওয়ার সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানের মতে, তেমন কিছু না হলেই ভালো।
এই ফুটবল কর্তার মতে, যুক্তরাষ্ট্রের ফুটবলে গেলে হয়তো পুরোপুরি পাদপ্রদীপের আলোর বাইরে চলে যাবেন সালাহ। হাসান যেন ইঙ্গিতে বোঝাতে চাইলেন, জাতীয় দলের বাইরেও চলে যেতে পারেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
লিভারপুলের জার্সিতে সাফল্যে মোড়া আটটি বছর কাটিয়ে এখন নবম মৌসুমে আছেন সালাহ। যদিও এবারের মৌসুমটা তার একেবারেই প্রত্যাশিত কাটছে না, একইরকম অবস্থা তার দলেরও। তবে, পারফরম্যান্সে ছন্দপতন ও কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর, আবার পুরনো রূপে ফিরতে শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
এর মাঝেই আচমকা গত সপ্তাহে অ্যানফিল্ড ছেড়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। তার ভবিষ্যৎ ঠিকানা কী হবে, এখনও সে বিষয়ে কোনো খবর নেই। তবে এমএলএসের কমিশনার ডন গার্বার সম্প্রতি বলেন, সালাহকে এই লিগে পেলে দারুণ হতো। যদিও এমএলএসের কোনো দল সালাহকে কোনো প্রস্তাব দিয়েছে কিনা, জানা যায়নি।
অন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম হাসান অবশ্য আগেভাবেই সালাহকে সতর্ক করলেন, এমএলএসে যেন না যান তিনি।
“ব্যক্তিগতভাবে আমি সালাহকে ইউরোপেই দেখতে চাই। আমি শুনেছি, তাকে পেতে বায়ার্ন মিউনিখ, পিএসজি এবং ইতালিয়ান লিগের কিছু ক্লাব আগ্রহী।”
“মেজর লিগে তার যাওয়ার ব্যাপার? তেমনটা হলে সে পাদপ্রদীপের অনেক বাইরে চলে যাবে। এখন আমি যতটা (লিওনেল) মেসিকে মনে রেখেছি, সালাহকে আপনি সেভাবে মনে রাখবেন না। এমনকি আমি তার খেলা দেখারও চেষ্টা করব না।”
বার্সেলোনার জার্সিতে রেকর্ড সমৃদ্ধ ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জয়ের পর, পিএসজিতে ছোট অধ্যায় শেষে, ২০২২ সালের বিশ্বকাপ জিতে পরের বছর ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এই অল্প সময়েই ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন আর্জেন্টাইন তারকা, দলটিকে জিতিয়েছেন একাধিক শিরোপাও।
লিভারপুলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন সালাহ। এই সময় ব্যক্তিগত পারফরম্যান্সেও সময়টা তার দুর্দান্ত কেটেছে। তিনবার পেয়েছেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি, চারবার জিতেছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোল করার পুরস্কার গোল্ডেন বুট। আরও অনেক পুরস্কার জিতেছেন তিনি।
লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৪৩৫ ম্যাচ খেলে ২৫৫টি গোল করেছেন তিনি, সঙ্গে অ্যাসিস্ট ১২২টি।
হাসানের মতে, ৩৩ বছর বয়সী সালাহর জন্য ইউরোপ ছাড়তেই হয়, তাহলে সৌদি প্রো লিগ হতে পারে তার জন্য ভালো ঠিকানা।
“যদি সে ইউরোপের কোনো ক্লাবের থেকে প্রস্তাব না পায়, তাহলে তার সৌদি লিগে যাওয়াটাই ভালো হবে, বিশেষ করে সেখানে যখন ক্রিস্তিয়ানো রোনালদোর মতো বড় নাম আছে।”