২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সালাহদের চ্যাম্পিয়ন্স লিগের ছন্দ ইপিএলে বয়ে আনতে বললেন কোচ

প্রিমিয়ার লিগের আসন্ন ম্যাচ এদিনের মতো সহজ হবে না বলেও খেলোয়াড়দের সতর্ক করলেন আর্না স্লট।

সালাহদের চ্যাম্পিয়ন্স লিগের ছন্দ ইপিএলে বয়ে আনতে বললেন কোচ
কারাবাখের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে লিভারপুল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 04:39 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

প্রিমিয়ার লিগে যেখানে কোনোকিছুই ঠিকঠাক হচ্ছে না, দিনের পর দিন ব্যর্থতার গণ্ডিতে ঘুরপাক খেতে হচ্ছে, সেখানে ইউরোপ সেরার মঞ্চে জয়রথে আছে লিভারপুল। সবশেষ ম্যাচে গোল উৎসব করে কাঙ্ক্ষিত লক্ষ্য ছোঁয়ার পর, নিজের দলকে এবার প্রিমিয়ার লিগেও একইরকম পারফরম্যান্স করার তাড়না দিলেন কোচ আর্না স্লট। 

অ্যানফিল্ডে বুধবার রাতে কারাবাখকে ৬-০ গোলে গুঁড়িয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে লিভারপুল। ২১ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে আরও চারবার জালে বল পাঠায় তারা।

জোড়া গোল করেন আলেক্সিস মাক আলিস্তের। একবার করে জালের দেখা পান মোহামেদ সালাহ, ফ্লোহিয়ান ভিয়েৎস, উগো একিটিকে ও ফেদেরিকো চিয়েসা।

আক্রমণের ঝড় তুলে ম্যাচে প্রতিপক্ষকে কোনোরকম সুযোগই দেয়নি সালাহ-একটিকেরা। গোলের জন্য ৩৮টি শট নেন তারা, যার ১২টি লক্ষ্যে ছিল। বিপরীতে আজারবাইজানের দলটি পাঁচ শট নিয়ে একটিমাত্র লক্ষ্যে রাখতে পারে।

চ্যাম্পিয়ন্স লিগে এবার আট ম্যাচের ছয়টিতে জিতেছে লিভারপুল, টানা জিতেছে সবশেষ তিন ম্যাচে। সেখানে প্রিমিয়ার লিগে গত পাঁচ রাউন্ডে জয়শূন্য তারা; টানা চার ড্রয়ের পর, সবশেষ ম্যাচে হেরেছে বোর্নমাউথের বিপক্ষে।

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লড়াই থেকে আগেই একরকম ছিটকে পড়েছে লিভারপুল। টানা ব্যর্থতায় সমালোচনাও শুনতে হচ্ছে; যদিও কারাবাখের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সে প্রশংসা পাচ্ছে তারা। 

তবে স্লট জানেন, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সামনের লিগ ম্যাচে ভালো করতে না পারলে আবার রোষানলে পড়বেন তারা।

“(বোর্নমাউথের বিপক্ষে ৩-২ গোলে হারের পর) স্পষ্টতই পারফরম্যান্সে উন্নতি হয়েছে। তবে আজ রাতে যাদের বিপক্ষে খেললাম, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, কারাবাখের চেয়ে নিউক্যাসল শক্তিশালী দল।”

“মাঠে যদি দুই বক্সেই (আক্রমণ ও রক্ষণে) আমরা উন্নতি করতে পারি, তাহলে যেকোনো দলের জন্যই আমাদের বিপক্ষে খেলা কঠিন হবে। তবে সেটা একবার দেখানো যথেষ্ট নয়, ধারাবাহিকভাবে আমাদের এমন পারফরম্যান্স করতে হবে।”

ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগের পরের ধারে উঠেছে লিভারপুল। কিন্তু প্রিমিয়ার লিগে তারা পিছিয়ে পড়েছে অনেকটা; ২৩ রাউন্ডের সাতটিই হেরেছে, ৩৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে, শীর্ষস্থান থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে।

৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা নিউক্যাসলের বিপক্ষে আগামী শনিবার ঘরের মাঠে খেলবে লিভারপুল।