২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ নন এমবাপে

ক্লাব বিশ্বকাপে রেয়াল মাদ্রিদের পরের ম্যাচে ফরাসি তারকার খেলা নিয়েও তাই অনিশ্চয়তা কাটেনি।

হাসপাতাল থেকে ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ নন এমবাপে
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 03:18 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়ে এবং সেখানে চিকিৎসা নিয়ে অনেকটা সেরে উঠেছেন কিলিয়ান এমবাপে। ইতোমধ্যে হাসপাতাল থেকে রেয়াল মাদ্রিদ শিবিরে ফিরেছেন তিনি।

শিরোপাশূন্য মৌসুম কাটিয়ে বর্তমানে ক্লাব বিশ্বকাপে ব্যস্ত সময় কাটছে রেয়াল মাদ্রিদের। এরই মধ্যে একটি ম্যাচও খেলেছে তারা। কিন্তু সেই ম্যাচে খেলতে পারেননি এমবাপে।

গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হওয়ায় বুধবার আল-হিলালের সঙ্গে ১-১ ড্র ম্যাচে রেয়ালের স্কোয়াডে ছিলেন না ফরাসি তারকা। 

পরদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বমি ও ডায়রিয়াজনিত রোগে ভুগছেন এমবাপে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা পরই অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যুক্তরাষ্ট্রে দলের ট্রেনিং কমপ্লেক্সে পাম বিচে ফিরে আসেন তিনি।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, এমবাপের চিকিৎসা চলবে এবং সুস্থ হয়ে তিনি দলের নিয়মিত কার্যক্রমে যোগ তেবেন।

‘এইচ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডে আগামী রোববার মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে খেলবে রেয়াল। তবে, রেয়ালের হয়ে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোলের রেকর্ড গড়া ও ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী এমবাপেকে এই ম্যাচেও পাওয়া যাবে কিনা, তা নিশ্চিত নয়।