২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে সেই নেপালকেই পেল বাংলাদেশ

ঘটনাবহুল দ্বিতীয় সেমি-ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল নেপাল।

কাঠমান্ডু থেকে মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 10:33 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

দশরথের গ্যালারিকে স্তব্ধ করে এগিয়ে গেল ভারত। এরপর রেফারি ওম চকির সিদ্ধান্তে শুরু হলো নানা নাটকীয়তা। এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হলো খেলা। প্রথম আক্রমণ থেকেই নেপালকে সমতায় ফেরালেন সাবিত্রা ভাণ্ডারি। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হলো ম্যাচের ভাগ্য। ভারতকে হারিয়ে ফাইনালে উঠল নেপাল। 

গতবারের মতো এবারও উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

টাইব্রেকারে নেপালের সাবিত্রা ভান্ডারি, গিতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি লক্ষ্যভেদ করেন। ভারতের জালের দেখা পান মনিষা ও কারিশ্মা সিরভোইকর; অধিনায়ক আশালতা দেবির শট পোস্ট লেগে ফেরে, চানু সরোখাইবামের দুর্বল শট সহজেই ফেরান টাইব্রেকারের জন্যই বদলি নামা গোলরক্ষক অঞ্জনা রানা মাগার।

একই ভেন্যুতে আগামী বুধবার মুকুট ধরে রাখার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ড্রয়ে গ্রুপ পর্ব শুরুর পর ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। সেরা চারের লড়াইয়ে এদিনই তারা ভুটানকে গুঁড়িয়ে দেয় ৭-১ ব্যবধানে।

শুরু থেকে ভারতকে চেপে ধরার চেষ্টা করতে থাকে নেপাল। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পাচ্ছিল না স্বাগতিকরা। গ্যালারি ঠাসা সমর্থকরা পুরোটা সময় সাবিত্রা-পুজাদের উৎসাহ দিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে ৫০তম মিনিটে রেখা পাডোলকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দিলে। ‘রেফারি আউট’ শ্লোগানে প্রকম্পিত হতে থাকে গ্যালারির চারিধার। এরই মধ্যে মাঠে পানির বোতল, বিয়ারের ক্যান নিক্ষেপ করা শুরু করেন সমর্থকরা। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ।

১০ জনের নেপাল পিছিয়ে পড়ে ৭১তম মিনিটে সঙ্গীতা বাসফোরের গোলে। এরপরই আরেক নাটকীয়তা। ভারতের খেলোয়াড়েরা যখন উদযাপনে ব্যস্ত, তখন ভুটানি রেফারি ওম চকি ‘কিক-অফ’-এর নির্দেশ দেন। নেপালের খেলোয়াড়েরা দ্রুত খেলা শুরু করে ফাঁকা জালে বল জড়িয়ে সমতার উদযাপনে মাতে।

ভারতের দাবির মুখে গোল বাতিল করেন রেফারি, নেপালের খেলোয়াড়েরাও বিষয়টি বুঝতে পেরে ফের খেলা শুরু করেন। কিন্তু তখনই আবার ক্ষিপ্ত হয়ে ওঠে গ্যালারি। চার দিক থেকে মাঠে বোতল, ক্যান, কয়েন নিক্ষেপ শুরু হয়। 

পরিস্থিতি শান্ত করতে পুলিশ, সমর্থকদের একাংশ, নেপাল দলের তারকা খেলোয়াড় সাবিত্রা ভান্ডারিও করজোড়ে অনুরোধ করতে থাকেন, ভারত কোচকেও অনুরোধের ভঙ্গিতে গ্যালারির দিকে তাকিয়ে হাত জোড় করতে দেখা যায়; কিন্তু সমর্থকরা ‘রেফারি আউট’ শ্লোগান দিতেই থাকে।

এরই মধ্যে মাঠে ঢোকেন সাফের টেকনিক্যাল কমিটির কর্তারা। রেফারি ওম চকি ও তার দুই সহকারী ও চতুর্থ অফিসিয়ালের সাথে অনেকক্ষণ কথা বলেন তারা। তখন ভারতের খেলোয়াড়রা ঠাঁই দেন মাঠের ভেতরের বৃত্তে, নেপাল দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে ছিলেন তাদের ডাগআউটের একটু সামনে।

এক ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয় খেলা এবং প্রথম আক্রমণ থেকেই নেপালকে সমতার উচ্ছ্বাসে ভাসান সাবিত্রা ভাণ্ডারি। সমর্থকরা এই আনন্দও উদযাপন করেন মাঠে বোতল ছুঁড়ে! কিছুক্ষণের জন্য ফের খেলা হয় বিঘ্নিত। এরপর কোনো দলকে আলাদা করা যায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজিমাত করে নেপাল।