২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোন্নারুম্মা-বিতর্কের স্রোতে শুভালিয়ের স্বপ্নের অভিষেক

জানলুইজি দোন্নারুম্মাকে বাদ দিয়ে যাকে দলে নিয়েছেন কোচ লুইন এনরিকে, সেই গোলকিপার লুকাহ শুভালিয়ে পিএসজিকে ট্রফি এনে দিলেন টাইব্রেকারে শট ঠেকিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 12:41 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

জানলুইজি দোন্নারুম্মাকে নিয়ে চলছিল আলোচনা আর বিতর্কের ঝড়। লুকাহ শুভালিয়ে পড়ে গিয়েছিলেন চরম অস্বস্তিতে। তার তো এখানে কিছু করার নেই, তবু বারবার উঠে আসছিল তার নাম। স্নায়ুর চাপেই কি না, মাঠে একটি বড় ভুলও করলেন তিনি। তবে সবকিছুকে পেছনে ফেলে শেষ পর্যন্ত তার অভিষেকটা হলো স্বপ্নময়। অভিষেক ম্যাচেই পিএসজির ট্রফি জয়ের নায়ক তরুণ এই গোলকিপার। 

উয়েফা সুপার কাপে বুধবার টটেনহ্যাম হটস্পারের মুঠো থেকে জয় বের করে ট্রফি জিতে নেয় পিএসজি। 

ইতালির উদিনিতে ৮৪ মিনিট পর্যন্ত টটেনহ্যাম এগিয়ে ছিল ২-০ গোলে। ৮৫তম মিনিটে ও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দুই গোলে সমতা ফেরায় পিএসজি। গত মৌসুমে ট্রেবলজয়ী দল এরপর টাইব্রেকারে জিতে যায় ৪-৩ গোলে। সেখানেই শট ঠেকিয়ে দেন শুভালিয়ে।

কদিন আগেও পাদপ্রদীপের আলোয় ছিলেন না শুভালিয়ে। লিলের একাডেমি থেকে উঠে আসা গোলকিপার গত চার বছর ধরে খেলছিলেন সেই ক্লাবের হয়েই। কদিন আগে তাকে দলে নেয় পিএসজি। আলোচনার জোয়ারের শুরু তখনই। পিএসজিতে তো দোন্নারুম্মা আছেন, বিশ্বের সেরা গোলকিপারদের একজন তিনি, গত মৌসুমেও অসাধারণ ছিল তার পারফরম্যান্স।

বিতর্কের জোয়ার তীব্র হয়, যখন সুপার কাপের স্কোয়াডেই দোন্নারুম্মাকে রাখলেন না এনরিকে। পরে সুপার কাপের আগের দিন সংবাদ সম্মেলনে পিএসজি কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, ‘ভিন্ন প্রোফাইলের’ গোলকিপার চান বলেই দোন্নারুম্মাকে বাদ দিয়ে শুভালিয়েকে এনেছেন তিনি। বারংবার প্রশ্নে এক পর্যায়ে চটে যান কোচ। হতভম্ব ও হতাশ দোন্নারুম্মা ভগ্নহৃদয়ে ঘোষণা দেন, ক্লাব ছেড়ে যাবেন তিনি।

পিএসজির মতো ক্লাবে জায়গা পাওয়া শুভালিয়ের ক্যারিয়ারের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা। কিন্তু স্বপ্নের এই সময়টাই হয়তো তিনি পুরোপুরি উপভোগ করতে পারছিলেন না পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে। প্রথম ম্যাচে পারফরম্যান্সেও কিছুটা জড়তা তার দেখা গেল।

২৩তম মিনিটে দলকে বিপদমুক্ত করেন তিনি বেশ ভালো একটি সেভ করে। দলেল প্রথম গোলেও তিনি শুরুতে বলে আঙুলে ছুঁইয়ে দিয়েছিলেন। কিন্তু গোলবারে লেগে ফিরে আসা বলে তার কিছু করার ছিল না মিকি ফন দে ফেনের শটে।

তবে শুভালিয়ে বড়বড় করেন দ্বিতীয়ার্ধের শুরুতে। ক্রিস্তিয়ান রোমেরোর যে হেড থেকে ব্যবধান বাড়ায় টটেনহ্যাম, সেটি অবশ্যই ধরা বা ঠেকানো উচিত ছিল তার। কাচ থেকে নেওয়া হলেও খুব জোর ছিল না হেডে, বলও ছিল নাগালেই। কিন্তু তার ডাইভের টাইমিং ঠিকঠাক হয়নি। বল তার হাতে লেগে ঢুকে যায় জালে।

পিএসজি যদি ঘুরে দাঁড়াতে না পারত, নিশ্চিতভাবেই ম্যাচের মূল আলোচনা থাকত এই গোল ঘিরেই। দোন্নারুম্মার বদলে জায়গা পেয়ে এমন ভুলের কারণে তাকে হয়তো শূলে চড়াতেন বিশেষজ্ঞ-সমর্থকেরা।

তবে শেষেল নাটকীয়তায় ম্যাচে সমতা ফেরার পর টাইব্রেকারকে নিজের নায়ক হয়ে ওঠার মঞ্চ করে নেন শুভালিয়ে। এখানে ঠিকই সুযোগটি কাজে লাগান ২৩ বছর বয়সী গোলকিপার। 

তাকে নিয়ে কম চাপে ছিলেন না এনরিকেও। জয়ের পর তাই এই গোলকিপারকে নিয়ে উচ্ছ্বসিত পিএসজি কোচ। 

“আমরা লুকাহর ওপর ভরসা রেখেছি… মাত্রই দলে যোগ দিয়েছে সে। কিন্তু নিজেকে মেলে ধরার সময় ছিল এটিই। আমরা খুবই খুশি যে সে পেরেছে।”

“এটা পিএসজি, এখানে খেললে চাপ সামলাতে শিখতে হবে। লুকাহ শীর্ষমানের গোলকিপার, তার সামর্থ্য আছে এসব সামলানোর। এই ম্যাচেই ফুটে উঠছে তার মানসিকতা। পিএসজির মতো ক্লাবে থাকতে হলে এরকম মানসিকতা গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রচুর চাপ।”

দোন্নারুম্মাকে ঘিরে বিতর্কের কারণে শুভালিয়েও যে প্রবল চাপে ছিলেন, এটাও লুকালেন না এনরিকে। এজন্যই কোচের বেশি প্রশংসা পেলেন দলের নবীন গোলকিপার।

“সবাই এসব নিয়েই বলাবলি করছিল। লুকাহর কাজটা তাই সহজ ছিল না। কিন্তু মানসিকতার প্রমাণ দেখিয়ে দিয়েছি সে।”

“আজকে সে দারুণ কাজ করেছে। ট্রফি দিয়ে স্বাগত জানাই তাকে। তার জন্য আমি খুবই খুশি, কারণ প্রথম ম্যাচেই মানসিকতার প্রমাণ দিয়েছে সে।”

নতুন গোলকিপারের এমন অভিষেকে অভিভূত পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলেও। 

“দারুণ এক চিত্রনাট্যই বলতে হবে। সে দলে এসেই পেনাল্টি বাঁচিয়ে দলকে ট্রফি এনে দিল। তার জন্য ভালো শুরু, আমরা খুবই খুশি।”