২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

‘একজন ভাঁড় চালাচ্ছে ইউনাইটেড’, বিস্ফোরক মন্তব্য পিটারসেনের

কেভিন পিটারসেনের বিস্ফোরক মন্তব্যের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেওয়া স্ট্যাটাস মুছে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 05:30 PM

Updated : 22 Oct 2022, 07:29 PM

ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে চলা টানাপোড়েনের মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন কেভিন পিটারসেন। পর্তুগিজ ফরোয়ার্ডের অসম্মান মেনে নিতে পারছেন না সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান। এতটাই চটেছেন যে, ইউনাইটেড একজন ভাঁড় দ্বারা পরিচালিত হচ্ছে বলেও তীর্যক মন্তব্য করেছেন তিনি।

ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ম্যাচ শেষ হওয়ার আগে ৮৯তম মিনিটে টানেলের দিকে চলে যান তিনি।

ওই ঘটনায় জল গড়িয়েছে অনেক দূর। শৃঙ্খলা ভাঙায় শাস্তির খড়গ নেমে এসেছে রোনালদোর কাঁধে। চেলসির বিপক্ষে শনিবারের লিগ ম্যাচের দলে ঠাঁই হয়নি তার।

রোনালদোর প্রতি ইউনাইটেডের আচরণ দেখে তবু চুপ ছিলেন পিটারসেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পিটারসেনের ছবি ব্যবহার করে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিলে ফুঁসে ওঠেন তিনি।

ফুটবলের মহাতারকাদের একজন রোনালদোও। সাম্প্রতিক সময়ে তার প্রতি ইউনাইটেডের আচরণে ক্ষুব্ধ পিটারসেন ওই পোস্টের নিচে বিস্ফোরক মন্তব্য করেন।

“দয়া করে আমার ছবিটা নামান; ভাঁড় দ্বারা পরিচালিত একটা ক্লাব, যারা আমাদের সময়ের সেরা ফুটবলারকে অশ্রদ্ধা করে, তাদের সঙ্গে আমি থাকতে চাই না। ক্রিস্তিয়ানো বস। ওই ভাঁড়টাকে কেউ কখনও মনে রাখবে না, তার জেগে ওঠা দরকার।”

ভাঁড় বলতে পিটারসেন হয়তো কোচ টেন হাগকে বুঝিয়েছেন। তার ওই মন্তব্যের পর স্ট্যাটাস মুছে ফেলেছে ইউনাইটেড।