২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ ম্যাচ পর ফের মাঠের বাইরে নাথান আকে

ম্যানচেস্টার সিটির এই ডাচ ডিফেন্ডারের পায়ের পাতায় অস্ত্রোপচার করাতে হয়েছে।

২ ম্যাচ পর ফের মাঠের বাইরে নাথান আকে
ছবি: নাথান আকের ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 05:15 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

পায়ের পাতায় চিড় সারাতে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয়েছে নাথান আকের। এতে আরেক দফায় মাঠের বাইরে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার।

পেশির চোটে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর ফেব্রুয়ারির শেষ দিকে ফেরেন আকে। এরপর কেবল দুটি ম্যাচ খেলতে পারেন তিনি।

গত শনিবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে প্লাইমাউথের বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন ৩০ বছর বয়সী আকে। কিন্তু পুরো সময় খেলতে পারেননি তিনি। চোটের কারণে প্রথমার্ধের পর তাকে তুলে নিতে বাধ্য হন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

আকের পায়ে সোমবার অস্ত্রোপচার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে নিজের অবস্থা তুলে ধরেন তিনি।

“আমার জন্য হতাশাজনক এক মৌসুম। তবে এখন আমার পায়ের পাতার চিড়ে সফল অস্ত্রোপচার হয়েছে, যেটা কয়েক মাস ধরে আমাকে অস্বস্তিতে রেখেছিল।”

“ভবিষ্যতে ভালো কিছুর আশায় ইতিবাচক আছি। এখন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠতে হবে, শীঘ্রই দেখা হবে সিটিজেন্স। সমর্থনের জন্য ধন্যবাদ।”

একের পর এক চোটে চলতি মৌসুমের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে আকের। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে কেবল ১০টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ডাচ এই ডিফেন্ডার মাঠে নামতে পেরেছেন মাত্র ১৮ ম্যাচে।