২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর পর লিগে ফিরেই ১২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে ট্রফি জয়

ইউরোপিয়ান ফুটবলে আরেকটি রূপকথার জন্ম দিয়ে সুইজারল্যান্ডের চ্যাম্পিয়ন হলো এফসি থুন।

৫ বছর পর লিগে ফিরেই ১২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে ট্রফি জয়
অসাধারণ এক গল্প লিখে সুইস লিগের চ্যাম্পিয়ন হলো এফসি থুন। ছবি: এফসি থুন ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 09:51 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

শিরোপা জয়ের দুয়ারে পৌঁছে একটি করে ম্যাচ হারে অপেক্ষা বাড়ছিল এফসি থুনের। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দল হেরে গেল নিজেদের ম্যাচে। তাতে সুইস সুপার লিগ জয়ের বহুল আকাঙ্ক্ষিত উৎসব শুরু হয়ে গেল থুন শিবিরে।

অবিশ্বাস্য, অভাবনীয় কিংবা অন্য কোনো বিশেষণই হয়তো যথেষ্ট নয় ক্লাবটির এই সাফল্য বর্ণনা করার জন্য। গত মৌসুমেও তারা ছিল দ্বিতীয় বিভাগে। এই মৌসুমে শীর্ষ লিগে ফেরে তারা দীর্ঘ পাঁচ বছর পর। সেই দলই ইউরোপিয়ান ফুটবলে আরেকটি রূপকথার জন্ম দিয়ে শিরোপা জিতল তিন রাউন্ড বাকি থাকতে।

আরও একটি কারণে তাদের এই অর্জন বিশেষ কিছু। ক্লাবটির ১২৮ বছরের ইতিহাসে প্রথম বড় শিরোপা যে এটিই!

দ্বিতীয় স্থানে থাকা সেন্ট গ্যালেন রোববার ঘরের মাঠে ৩-০ গোলে হেরে যায় সিওনের বিপক্ষে। এতে শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকা থুনের।

১৮৯৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি মৌসুমের শুরু থেকেই লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। কিন্তু সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যাওয়ায় আরে নদীর তীরে অবস্থিত এই ছোট শহরের উদযাপনের অপেক্ষা বেড়ে যায়। 

গত ২৫ এপ্রিল লুগানোর বিপক্ষে ঘরের মাঠে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত থুনের। উল্টো ৯৭তম মিনিটের পেনাল্টি গোলে হেরে যায় তারা ১-০ ব্যবধানে। 

এই শনিবার তারা খেলতে যায় বাসেলের মাঠে। রূপকথার জন্ম দিয়ে লেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের ১০ বছর পূর্তির দিনটিতে ছিল এই ম্যাচ। কিন্তু এগিয়ে গিয়েও থুন ৩-১ গোলে হেরে যায় এবং ম্যাচ শেষ করতে হয় তাদের ৯ জন নিয়ে।

থুনের সমর্থকরা রোববার বড় পর্দায় সেন্ট গ্যালেনের খেলা দেখতে উপস্থিত হয় নিজেদের মাঠে। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারে শুরু হয়ে যায় তাদের উৎসব, যা গভীর রাত পর্যন্ত চলবে বলেই ধারণা করা হচ্ছে।

শিরোপা নিশ্চিত হওয়ার দিনটির জন্য বার ও রেস্তোরাঁগুলো সারারাত খোলা রাখার অনুমোদন আগেই দিয়ে রেখেছিল স্থানীয় কাউন্সিল। মিছিল করে টাউন হল স্কোয়ারের দিকে যাবে সমর্থকরা।

এই মৌসুমের আগে লিগে থুনের সেরা সাফল্য ছিল ২০০৪-০৫ মৌসুমে দ্বিতীয় হওয়া, যা পরের মৌসুমে তাদের সুযোগ করে দেয় চ্যাম্পিয়ন্স লিগে খেলার। 

আর্সেনাল, আয়াক্স ও স্পার্তা প্রাহার মতো দল থাকা গ্রুপে সেবার তৃতীয় হয়েছিল থুন। হাইবারিতে আর্সেনালের বিপক্ষে নেলসন ফেরেইরার লবে করা সেই অসাধারণ গোলটি থুনের সমর্থকদের স্মৃতিতে চিরদিনের জন্য খোদাই হয়ে আছে।

অসাধারণ এক গল্প লিখে এবার ঘরোয়া লিগ জেতায় আগামী মৌসুমে আবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় খেলবে থুন।