২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন এমবাপে

ফরাসি তারকার বাঁ পায়ের ঊরুতে চোট পাওয়ার কথা নিশ্চিত করেছে রেয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 06:17 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

নতুন ঠিকানায় মানিয়ে নিয়ে যখন আলো ছড়াতে শুরু করেছেন কিলিয়ান এমবাপে, তখনই বাধা হয়ে এলো চোট। ফরাসি তারকার ঊরুর সমস্যায় ভোগার কথা নিশ্চিত করেছে রেয়াল মাদ্রিদ।

স্প্যানিশ চ্যাম্পিয়নরা বুধবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন এমবাপে। রেয়ালের পক্ষ থেকে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন লিখেছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২৫ বছর বয়সী এমবাপেকে।

আলাভেসের বিপক্ষে মঙ্গলবার রেয়ালের ৩-২ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন এমবাপে। একটি গোলও করেন তিনি। তার আরেকটি গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।

ম্যাচটিতে পুরোটা সময় খেলতে পারেননি এমবাপে। পায়ে অস্বস্তি নিয়ে ৮০তম মিনিটে উঠে যান তিনি। এবার জানা গেল, তার চোটের কথা।

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রেয়ালে যোগ দেওয়ার পর শুরুতে নিজেকে মানিয়ে নিতে ভুগছিলেন এমবাপে। তবে এখন স্বরূপে ফিরতে শুরু করেছেন তিনি। সময় যত গড়াচ্ছে, প্রত্যাশার ভার ও রেয়ালের জার্সির ওজনে অভ্যস্ত হয়ে উঠছেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

লা লিগায় প্রথম তিন ম্যাচে কোনো গোল করতে পারেননি এমবাপে। এখন ৫ গোল করে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় উঠে এসেছেন দুইয়ে।

ছন্দ ফিরে পাওয়া এমবাপেকে নিয়ে এখন শঙ্কায় রেয়াল। তিনি ছিটকে পড়লে, ইউরোপের সফলতম ক্লাবটির জন্য তা স্বাভাবিকভাবেই হবে বড় ধাক্কা।

৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে আছে রেয়াল। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।